২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছ্বাস শিশুদেরও

প্রথমবারের বই মেলায় এসে বাঁশুরিয়ার বাঁশি বাজানো দেখেছে সাড়ে ছয় বছর বয়সী এষা। তাতেই তর সইছে না তার। মায়ের কাছে বায়না- বাঁশি বাজানো শিখবে।

রাশেদ শাওন

আশিক হোসেন ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 04:39 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

রোববার অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় দিনে এমন প্রথমবারের মতো মেলায় আসা কঁচিকাঁচা অনেক শিশুরই দেখা মিললো।

বাংলা বর্ণমালার সঙ্গে সদ্য পরিচিত হওয়া এই শিশুদের বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দিতেই এখানে নিয়ে এসেছেন বলে জানালেন অভিভাবকরা।  

এষার মা মিলি আক্তার বললেন, “ওরা যা দেখছে তাতেই অবাক হচ্ছে। একসঙ্গে এতো মানুষের আনাগোণা এর আগে কখনো দেখেনি। বাংলা ভাষার ঐতিহ্য আর ইতিহাসের সঙ্গে পরিচিত করে দেয়া তো আমাদেরই দায়িত্ব, তাই না? তাই নিয়ে এসেছি।”

জানালেন, তার মেয়ে নিজে বেছে বেছে তিনটি বই কিনেছে। নতুন বই পেয়ে অনেক উচ্ছ্বসিত সে।

এষার মতো মায়ের হাত ধরে বইমেলায় এসেছে মনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রাথমিকের ছাত্রী সামিহা কবিরও।

কী কী বই কিনেছ- জানতে চাইলে সামিহা বলে, “আমি ঠাকুরমার ঝুলি কিনেছি। এসো রঙ করি নামের একটি বইও কিনেছি। এখন রূপকথার বই কিনবো। মেলায় এসে আমার খুবই ভালো লাগছে।”

আর পুলিশের এএসপি মা তহুরা জান্নাত বললেন, “নিজের পছন্দেই আমার মেয়ে বইগুলো কিনেছে।”

বরাবরের মতেই এবারোও একাডেমী নজরুল মঞ্চের ঠিক উল্টো পাশে ৩০টি স্টল বরাদ্দ দিয়েছে শিশুদের বই প্রকাশ করে এমন প্রকাশকদের।

শিশুকর্নার থেকে শুধু যে শিশুরাই বই কিনছে এমনটি নয়। কিনছেন অভিভাবকরা।

বুয়েটের শিক্ষক ড. শাখাওয়াত হোসেন এসেছেন মেয়ে নায়সা মাহদীয়াকে নিয়ে। ভিকারুন নিসা নূন স্কুলের ছাত্রী সে। সেও তার বাবার সঙ্গে ঘুরে ঘুরে দেখছে এবারের বইমেলা।

শাখাওয়াত হোসেন বলেন, “মেয়েকে নিয়ে আমি প্রতিবছরই মেলায় আসি। এবার আজকেই প্রথম আসলাম। এখন ঘুরে দেখছি। সে যেই বই পছন্দ করবে সেটিই কিনবো।”

এদিকে শিশুদের বই প্রকাশ করে এমন কয়েকটি স্টল ঘুরে দেখা গেলো প্রথম তিন দিনে মেলায় বেশ কিছু শিশুদের বই এসেছে। প্রকাশকরা জানিয়েছে, অধিকাংশ বই আসবে সপ্তাহের শেষ নাগাদ।

চলন্তিকা প্রকাশনির মোহাম্মদ নুরুল আমিন ভূঁইয়া বলেন, “এবারের মেলায় শিশুদের জন্য ২০টি নতুন বই আসছে। এর মধ্যে ভিনদেশি লোককথা গল্প সিরিজ-এর পাঁচটি বই, গাঁধার গান ও ভূত ভঙ্কর মেলায় পাওয়া যাচ্ছে। বাকিগুলো আগামী সপ্তাহের মধ্যে চলে আসবে।”

প্রগতি প্রকাশনির জাবেদ হোসেন বলেন, “এই মেলায় আমরা শিশুদের জন্য মোট ১৬টি নতুন বই আনছি। এর মধ্যে চারটি কাউন্টিং চলো গুণতে শিখি, অ্যানিমেল, ফ্রগ অন এ লগ, ফান হাউজ মেলায় পাওয়া যাচ্ছে।”

শিশু একাডেমী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু গ্রন্থমালা সিরিজের ষোলটি এবং অন্যান্য দশটি বই প্রকাশ করেছে।

এই স্টলের বিক্রয় প্রতিনিধি মনির হোসেন জানান, বঙ্গবন্ধু শিশুগ্রন্থ সিরিজের বইগুলোর মধ্যে রয়েছে হাশেম খানের শুভেচ্ছাপত্র ১ ও ২, রংছবি ১ ও ২, বেবী মওদুদের ‘ছেলেবেলায় শেখ মুজিব’, মুনতাসির মামুনের ‘৭ই মার্চ: বঙ্গবন্ধুর অসমান্য ভাষণ’, ‘মানুষের বন্ধু বঙ্গবন্ধু’ সেলিনা হোসেনের ‘প্রিয় মানুষ শেখ মুজিব’-এর বাংলা ও ইংরেজি অনুবাদ ইত্যাদি।”

এছাড়া পাঠশালা থেকে শিশুদের জন্য প্রকাশিত হচ্ছে দশটি বই। এর মধ্যে মালিহা মমতাজের তিতি ও মিতি পাওয়া যাচ্ছে।

ইতি প্রকাশনি থেকে প্রকাশিত হয়েছে, আনিসুল হকের ‘কিশোর সমগ্র-৩’, নিয়াজ আহমেদের ‘অতৃপ্ত আত্না’ মুক্তধারা থেকে আহসান হাবীবের ‘স্পোটস জোকস’, বুক ফেয়ার থেকে রণজিত সরকারের ‘স্কুলে ভূতের আড্ডা’, ঝিঙেফুল থেকে নুফরাত জাহান জেরিন এর ‘স্বপ্নের স্বাধীনতা’।

অনুপম প্রকাশনি থেকে প্রকাশের অপেক্ষায় রয়েছে মোহাম্মদ জাফর ইকবালের ‘ভূত সমগ্র’ ও কিশোর ‘নাটক সমগ্র’, সুমন্ত আসলামের ‘স্কুল থেকে পালিয়ে’, ‘তো তো তোতলা তোতন’ ও ‘ভূত বন্ধু’, আজিজুল বারী অনূদিত ‘জাপানের রূপকথা’, সুব্রত বড়ুয়া-র ‘কিশোর সমগ্র’, ঝিঙেফুল থেকে আল মাহমুদের কিশোর সাহিত্য, আব্দুল হাই শিকদার-এর অ্যাডভেঞ্চার কচিখালি’, তাহমিনা খলিলের ‘আমিয়ার গল্পসমগ্র’, মোহাম্মদ হারুন অর রশিদ-এর ‘অংকের ম্যাজিক’, নাইস নূরের ‘কার্টুনের দেশে মনিকা’, মীম নওশীন নওয়াল খান-এর ‘একজন ক্লাশ ক্যাপ্টিনের ডাইরী’, কালাম আযাদের ‘হারিয়া যাওয়া গল্পেগুলো, আবিদ আজমের বইখেকো ভূত ইত্যাদি।

মোড়ক উন্মোচন

মেলার তৃতীয় দিন নজরুল মঞ্চে পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।

এর মধ্যে রয়েল পাবলিশার্স থেকে প্রকাশিত দর্পণ কবীরের ‘ফেরারী বসন্ত’-এর মোড়ক উন্মোচন করেন লুৎফর রহমান রিটন, ভোরের কাগজের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, ইত্তেফাকের যুক্তরাষ্ট্র প্রতিনিধি শহীদুল ইসলাম ও আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য সাজ্জাদ হোসেন।

অপর চারটি বইগুলো হলো-‘শিশু ফুল’, ‘মানুষের দেশে পরী’, ‘সঙ্গীতের প্রিয় মানুষরা’ ও ‘কষ্ট’।

রোববারের নতুন বই

একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপ-বিভাগ থেকে জানা যায়, তৃতীয়দিন প্রকাশিত হয়েছে মোট ৯৫টি নতুন বই।

এর মধ্যে গল্প ৫, উপন্যাস ২৫, প্রবন্ধ ৭, কবিতা ১৫, গবেষণা ৩, শিশুসাহিত্য ২, জীবনী ১, মুক্তিযুদ্ধ ৫, বিজ্ঞান ২, ভ্রমণ ২, ইতিহাস ৪, রম্য/ধাঁধা ৩, অনুবাদ ৩, সায়েন্স ফিকশন ১ এবং অন্যান্য বই বের হয়েছে ১৭টি।

নতুন প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে সময় প্রকাশনী থেকে মুনতাসীর মামুন সম্পাদিত ‘মুক্তিযুদ্ধ কোষ : ১ থেকে ১২ খণ্ড’, ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে এসেছে সেলিনা হোসেনের ‘কাঁচাতারে প্রজাপতি’ উপন্যাসের পরিমার্জিত সংস্করন, অন্যপ্রকাশ থেকে এসেছে হুমায়ূন আহমেদের কলামগ্রন্থ ‘হিজিবিজি’, বিভাষ থেকে এসেছে হাসান শান্তনুর গবেষনাধর্মী গ্রন্থ ‘গণমাধ্যম নিপীড়ন : ১৯৭২-২০১২’, আগামী প্রকাশনী থেকে এসেছে তসলিমা নাসরিনের উপন্যাস ‘ব্রক্ষ্মপুত্রের পাড়ে’ ও মৌলি আজাদের ‘প্রিয়ানা, চোখ ও ঝরনার জলে স্নাত এক প্রপাতের ফোয়ারা’, অ্যার্ডন থেকে এসেছে জয়শ্রী সরকারের গবেষনাগ্রন্থ ‘প্রান্তবাসী হরিজনদের কথা’, প্রতীক থেকে এসেছে আহসান হাবীবের ‘কৌতুকস্’।

সেমিনার

রোববার মেলার মুল মঞ্চে ছিলো ‘বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির রূপান্তরের ধারা’ শীর্ষক সেমিনার।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা। আলোচনায় অংশগ্রহণ করেন রবিউল ইসলাম এবং মুজতবা আহমেদ মুরশেদ। সভাপতিত্ব করেন ইতিহাসবিদ সিরাজুল ইসলাম। সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে একক কণ্ঠে আবৃত্তি পরিবেশন করেন লায়লা আফরোজ ও মাহিদুল ইসলাম।

সঙ্গীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, পাপিয়া সারোয়ার, তপন মাহমুদ, ফাহিম হোসেন চৌধুরী ও মহিউজ্জামান চৌধুরী।

সোমবার মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘প্রযুক্তি বিপ্লব ও মুদ্রিত বইয়ের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন জাকারিয়া স্বপন। আলোচনায় অংশ নেবেন অসীম সাহা, মোস্তফা জব্বার এবং মজিদ মাহমুদ। সভাপতিত্ব করবেন সামসুল বারী।