পদ্মা প্রকল্প: ‘আমাদের মনোযোগ তদন্তে’
তদন্ত চালিয়ে গেলেও বিশ্ব ব্যাংক প্যানেলের সঙ্গে সম্পর্ক কী হবে, তা এখন স্পষ্ট নয় দুর্নীতি দমন কমিশনের কাছে।
কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, সরকারের সঙ্গে বিশ্ব ব্যাংকের সমঝোতার আওতায় সংস্থাটির প্যানেলের সঙ্গে সম্পর্ক রাখা হচ্ছিল।
এই প্রকল্পের প্রধান ঋণদাতা সংস্থা বিশ্ব ব্যাংকের সঙ্গে সম্পর্কোচ্ছেদ করলেও দুর্নীতির ষড়যন্ত্রের তদন্ত চলবে বলে জানিয়েছে সরকার।
গোলাম রহমান বলেন, “প্রকল্পে অর্থায়নের সঙ্গে দুদকের কোনো সম্পর্ক নেই। আমাদের মনযোগের কেন্দ্রবিন্দু হল এই প্রকল্পে দুর্নীতি হয়েছে কি না?”
“দুর্নীতির অভিযোগ উত্থাপনের পর আমরা এ বিষয়ে অনুসন্ধান করেছি এবং এখন মামলা পরবর্তী তদন্ত চলছে। এই তদন্তের ক্ষেত্রে কোনোরূপ শৈথিল্য প্রদর্শন করা হবে না।”
প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক বাদ যাওয়ার পর তদন্তের প্রকৃতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রোববার দুদক চেয়ারম্যান একথা বলেন।
২৯১ কোটি ডলারের এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার ঋণ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এরপর ঋণদাতা অন্য তিন সংস্থা এডিবি, আইডিবি ও জাইকাও প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিতের পর তদন্ত শুরু করে দুদক।
প্রাথমিক তদন্তে দুর্নীতির কোনো প্রমাণ না পাওয়ার কথা জানায় তারা। এরপর বিশ্ব ব্যাংক প্রকল্পে ঋণ বাতিল করলেও সরকারের নানামুখী তৎপরতায় ফিরে আসে।
বিশ্ব ব্যাংক তখন দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেল গঠন করে।
ওই প্যানেলের সদস্যরা দুই দফা ঢাকা এসে দুদকের সঙ্গে আলোচনাও করেন।
তবে মামলার আসামি কাকে কাকে করা হবে- তাতে মতানৈক্য নিয়ে গত ডিসেম্বরে তারা ঢাকা ছাড়ে।
প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে আসামি করতে চাপ ছিল বিশ্ব ব্যাংকের; যদিও দুদক বলেছে, তাকে আসামি করার মতো প্রমাণ তারা পায়নি।
এই নিয়ে মতানৈক্যের মধ্যে গত ৩১ জানুয়ারি সরকার বিশ্ব ব্যাংককে ঋণ না নেয়ার কথা জানিয়ে দেয়।
পদ্মা সেতু: ঢাকায় ওকাম্পো
“বিশ্ব ব্যাংক এবং সরকারের সমঝোতার ওপরই এর (প্যানেলের সঙ্গে সম্পর্ক) ভবিষ্যত নির্ভর করছে।”
বিশ্ব ব্যাংক প্যানেলের প্রধান ওকাম্পো গত মাসে দুদকে একটি চিঠি পাঠান।
প্যানেলের সঙ্গে সর্বশেষ যোগাযোগের প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, “তারা আমাদের কিছু প্রশ্ন করেছিল, তার উত্তর পাঠানো হয়েছে। তবে এর কোনো ফিডব্যাক আমরা এখনো পাইনি।”
পদ্মা কেলেঙ্কারিতে পদত্যাগী মন্ত্রী আবুল হোসেনকে আসামি করা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “এই ঘটনার বিচার হবে বাংলাদেশের আইনে। যদি আইনানুগভাবে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তাকে আসামি করা হবে।”
“দুদক কারো চাপের মুখে নতি স্বীকার করবে না,” একইসঙ্গে বলেন দুদক চেয়ারম্যান।
