নেত্রকোনায় ব্যাংক ডাকাতি, গ্রেপ্তার আরো ৩
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় আরো তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে গ্রেপ্তাররা হলেন খালিয়াজুরির বল্লী গ্রামের জানু মিয়া (৪৮), সুমন মিয়া (৩৫) ও আমান মিয়া (৩৫)।
গত ২৭ জানুয়ারি রাতে সোনালী ব্যাংক লেপসিয়া বাজার শাখায় ডাকাতি হয়।ডাকাতরা ভল্ট ভেঙ্গে চব্বিশ লাখ সাতাশ হাজার টাকা নিয়ে যায়।
পরদিন ব্যাংক ব্যাবস্থাপক নুরুল ইসলাম বাদী হয়ে খালিয়াজুরি থানায় ডাকাতির মামলা করেন।ওইদিনই সন্দেহভাজন দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।
খালিয়াজুরি থানার ওসি রমিজুল হক সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ব্যাংক ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের সোমবার আদালতে পাঠানো হবে।
