সিলেটে দুর্ঘটনায় নিহত ৩
সিলেটে বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হন অন্তত পাঁচজন।
রোববার বেলা ১টার দিকে সিলেট-তামাবিল সড়কের খাদিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন সিলেট নগরীর মেজরটিলার আবদুল মান্নান, হবিগঞ্জ সদরের মোহাম্মদপুর এলাকার রুজিনা বেগম (৪২) ও কমলা বেগম (৪২)। এরা সবাই অটোরিকশার যাত্রী।
শাহপরাণ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আহমদ বলেন, সিএনজি অটোরিকশাটি জাফলং যাচ্ছিল। খাদিমপাড়ার কাছে বিপরীতদিক থেকে আসা বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রুজিনা ও কমলা। হাসপাতালে নেয়ার পথে মারা যান আবদুল মান্নান।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
