‘অস্থির সময় থেকে উত্তরণে রাষ্ট্রের ভূমিকা জরুরি’
মানুষের মধ্যে মানবতার চেয়ে প্রতিহিংসা বেশি কাজ করায় সমাজে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল।
শনিবার বন্দর নগরীতে চিটাগাং পুলিশ ইনস্টিটিউশনের সুবর্ণজয়ন্তী অনুষ্টানের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
চিটাগাং পুলিশ ইনস্টিটিউশন প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় সুলতানা কামাল বলেন, চারদিকে এখন অস্থিরতা চলছে, একটা হাহাকার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশ। সৎ কাজ করার চিন্তা মানুষের মধ্যে আর নেই।
“এই অস্থির সময় থেকে উত্তরণে রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে এবং দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হতে হবে।”
এ অবস্থা থেকে উত্তরণে মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগিয়ে তোলার আহবানও জানান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা।
তিনি আরো বলেন, অন্যথায় যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে তা থেকে এ দেশের সাধারণ মানুষ আজীবন বঞ্চিতই থেকে যাবে।
এর আগে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহা. শফিকুল ইসলাম সুবর্ণজয়ন্তীর আনন্দ শোভাযাত্র উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আখতার হোসেন, সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক নাজমুল হায়দার, শওকত বাঙালি, সিটি কর্পোরেশনের কাউন্সিলর এ এফ কবির আহমেদ মানিক প্রমুখ।
