শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের মিছিল
জামাত-শিবিরের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজধানীতে মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ।
২৭টি থানায় শনিবার বিকালে সংগঠনটি একযোগে এই মিছিল-সমাবেশের আয়োজন করে।
ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ঢাকা মহানগর উত্তরের অন্তর্ভুক্ত ছাত্রলীগের ২৭টি থানায় শনিবার বিকাল ৪টায় একযোগে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা এতে অংশ নেন।
এর মধ্যে নিউমার্কেট এলাকায় ছাত্রলীগ সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুল হক রানার নেতৃত্বে এবং কলাবাগান থানার মিছিলটি রাসেল স্কয়ারে সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ও যুগ্ম সম্পাদক এহতেশামুল হাসান রুমির নেতৃত্বে এসব মিছিল সমাবেশ হয়।
এছাড়া একই সময়ে বনানী, শেরে বাংলা নগর, উত্তরা, বিমানবন্দর এলাকা, ফার্মগেট ও কাওরান বাজার এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চল, উত্তর খান, দক্ষিণ খান, তুরাগ থানা, খিলক্ষেত, বাড্ডা, ভাটারা থানা এলাকা, মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, হাজারীবাগ, মিরপুর, শাহআলী থানা এলাকা, দারুস সালাম এলাকা, পল্লবী, রূপনগর, ক্যান্টনমেন্ট এলাকায়, কাফরুল এবং ভাষানটেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আগামী সোমবার ঢাকা মহানগর ছাত্রলীগের অন্তর্ভুক্ত থানাগুলোতে বিকাল ৪টায় ফের প্রতিবাদ মিছিল হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
