২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বই মেলা জুড়ে হুমায়ূন

এবার অমর একুশে গ্রন্থমেলায় হুমায়ূন আহমেদ নেই। কিন্তু মেলা জুড়েই প্রয়াত এই কথাসাহিত্যিকের উপস্থিতি অনুভূত হয়, যার বই গত কয়েক বছর বিক্রি তালিকায় শীর্ষে ছিল ।

রাশেদ শাওন

আশিক হোসেন ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 12:48 PM

Updated : 13 Oct 2022, 02:47 PM

বাংলা একাডেমী প্রাঙ্গণে বই মেলার সর্বত্র যেন জননন্দিত এই লেখকের ছায়া। এবছর অমর একুশে গন্থমেলা উৎসর্গও করা হয়েছে হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি।  

দ্বিতীয় দিন শনিবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বিভিন্ন স্টলে হুমায়ূনের পুরনো বইয়ের পাশাপাশি তাকে নিয়ে অন্যদের লেখা নানা স্মৃতিচারণমূলক বই।এছাড়া বেরিয়েছে তার কিশোর জীবনীসহ বেশকিছু সমগ্র।

প্রকাশকরাও প্রয়াত এ লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্টলগুলোতে ঝুলিয়েছেন হুমায়ূনের প্রতিকৃতি।

অন্যপ্রকাশের স্টলের উপরেই নজর কাড়ে কালো ব্যাকড্রপে হুমায়ূনের বিশাল প্রতিকৃতি এবং তাদের প্রকাশিত এই কথাসাহিত্যিকের বইয়ের তালিকা।

অন্যপ্রকাশের বিক্রয় প্রতিনিধি শিশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার মেলায় স্যারের দুটি উপন্যাসের ইংরেজি অনুবাদ বেরিয়েছে। এছাড়া স্যারের একটি ভ্রমণ সমগ্রও এসেছে। স্যারের আরো কয়েকটি বই আগামী দিনগুলোতে স্টলে পাওয়া যাবে।”

তিনি আরো জানান, ইংরেজি অনুবাদের মধ্যে লেখকের ‘কে কথা কয়’ এর অনুবাদ (হু স্পিকস) করেছেন তানিয়া হোসেন। অপর উপন্যাস ‘আপনারে আমি খুজিয়া বেড়াই’ এর অনুবাদ (লিংগারিং লুকস অ্যাট ডে গন বাই) করেন শশবিন্দু চৌধুরী।

এছাড়া অধ্যাপক আনিসুজ্জামানের সম্পাদনায় ‘হুমায়ূন আহমেদ স্মারক গ্রন্থ’ মেলায় এসেছে।

অন্যপ্রকাশের থেকে প্র্রকাশিত লেখকের প্রথম রাজনৈতিক উপন্যাস ‘দেয়াল’ আগামী সপ্তাহে মেলায় পাওয়া যাবে বলে জানান শিশির। এটি হুমায়ূন আহমেদের লেখা শেষ উপন্যাস।

অন্যপ্রকাশ প্রকাশিত হুমায়ূনের অন্য বইগুলো হচ্ছে ‘রচনাবলী সপ্তম খন্ড’, ‘হিমু-৯’, ‘নির্বাচিত মিসির আলি’, ‘উৎসর্গ’, ‘হিজিবিজি’ ও ‘লীলাবতীর মৃত্যু’।

অন্যপ্রকাশ প্রকাশিত হুমায়ূনকে নিয়ে স্মৃতিচারণমূলক গ্রন্থের মধ্যে রয়েছে-

ইমদাদুল হক মিলনের ‘প্রিয় হুমায়ূন আহমেদ’, পূরবী বসুর ‘নিউ ইয়র্কে হুমায়ূন আহমেদের চিকিৎসা ও অন্যান্য’, শাকুর মজিদের ‘নুহাশপল্লীর এইসব দিনরাত্রি’, মোহাম্মদ হান্নানের ‘হুমায়ূন আহমেদের ধর্মচেতনা ও মৃত্যুচিন্তা’, মুনীর আহমেদের ‘হুমায়ূন আহমেদ ও যত কথা’, নাসির আলী মামুনের তোলা আলোকচিত্রের অ্যালবাম ‘অনন্ত জীবন যদি’, আখতারুজ্জামানের ‘নুহাশপল্লী ও একজন হুমায়ূন আহমেদ’, সাহানা কায়েসের ‘হুমায়ূন আহমেদের চিঠি ও অন্যান্য’, মাজহারুল ইসলামের ‘হুমায়ূন আহমেদের সঙ্গে নয় রাত’, মুম রহমানের ‘হুমায়ূন আহমেদের ছোটগল্প’, আবদুল্লাহ নাসের ও মোমিন রহমানের ‘হিমু ও মিসির আলির কথা’ ও মোমিন রহমানের ‘সেলুলয়েডের কারিগর হুমায়ূন আহমেদ’।

বিভাস প্রকাশনীর রামচন্দ্র দেবনাথ জানান, হুমায়ূন আহমেদের বিভিন্ন আত্মজীবনীমূলক লেখা থেকে তথ্য নিয়ে এবার মাহবুব রেজা সম্পাদিত ‘কিশোর জীবনী’ গ্রন্থটি বেরিয়েছে। বইটির বেশ কিছু কপি ইতোমধ্যে বিক্রি হয়েছে।

এবারের মেলায় অন্যান্য প্রকাশনী এনেছে ‘হিমু সমগ্র-২’ ও ‘হুমায়ূন বিচিত্রা’ নামে দুটি বই।

অবসর প্রকাশনীর মাসুদ রানা বলেন, এবার মেলায় প্রয়াত এই লেখকের পুরনো ৩৭ টি বইয়ের পাশাপাশি ‘মিছির আলী সমগ্র-৩’ এসেছে। এছাড়া হুমায়ূনের একটি আত্মজৈবনিক গ্রন্থ মেলায় আসার কথা রয়েছে বলে তিনি জানালেন।

‘মিছির আলী সমগ্র ৩’ এ মিছির আলীকে নিয়ে লেখা লেখকের ছয়টি উপন্যাস রয়েছে।

এছাড়া অন্বেষা প্রকাশনী লেখকের ‘হুমায়ুন আহমেদ সংকলন’ ‘কিশোর উপন্যাস সমগ্র’, ‘কিশোর গল্প সমগ্র’ এবং কাকলী প্রকাশনী ‘নির্বাচিত সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি’ মেলায় নিয়ে এসেছে।

হুমায়ূনকে নিয়ে স্মৃতিচারণমূলক গ্রন্থের মধ্যে রয়েছে- অন্বেষা থেকে সালেহ চৌধুরী সম্পাদিত ‘হুমায়ূন আহমেদ ও আমি’, দিব্যপ্রকাশ থেকে সিনহা আব্দুল মনসুরের ‘হুমায়ূন- একজন হ্যামিলনের বাঁশিওয়ালা’ তাম্রলীপি থেকে আনিসুল হকের ‘দখিন হাওয়ায় দখিন বারান্দায়’ এবং ঝিনুক প্রকাশনী থেকে ড. একেএম ফজলে কিবরিয়ার ‘স্মৃতির মানসপটে হুমায়ূন আহমেদ’।

মেলায় হুমায়ূন নির্মিত চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ ও  ‘শ্যামল ছায়া’ প্রদর্শনের কথা রয়েছে।

এছাড়া বইমেলার মূল মঞ্চে ২৭ ফেব্রুয়ারি এই কথাসাহিত্যিককে নিয়ে আলোচনার আয়োজন থাকছে।

নতুন বই

বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার মেলায় এসেছে ২০টি নতুন বই। এর মধ্যে গল্প ২টি, উপন্যাস ৫টি, প্রবন্ধ ১টি, কবিতার বই ২টি, ছড়া ২টি, জীবনীগ্রিন্থ ১টি, রম্য/ধাঁধা ৩ এবং অন্যান্য বই রয়েছে ৪টি।

এছাড়া অন্বেষা প্রকাশনীর অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধগ্রন্থ ‘রাষ্ট্রতন্ত্রে সমাজদ্রোহিতা’, অনন্যা প্রকাশিত হুমায়ূন আহমেদের বিভিন্ন বইয়ের সঙ্কলন ‘হুমায়ূন বিচিত্রা’, শাহরিয়ার কবিরের প্রবন্ধগ্রন্থ ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক : বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’, ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘মটকু মিয়ার গার্লফ্রেন্ড’, মাওলা ব্রাদার্স প্রকাশিত মুনতাসীর মামুনের মুক্তিযুদ্ধের বই ‘বঙ্গবন্ধু কীভাবে আমাদের স্বাধীনতা এনেছিলেন’, বেবী মওদুদ ও শেখ রেহানা সম্পাদিত প্রবন্ধগ্রন্থ ‘প্রিয় রবীন্দ্রনাথ’, মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘গাব্বু’, অন্যপ্রকাশ থেকে সৈয়দ মনজুরুল ইসলামের উপন্যাস ‘শকুনের ডানা’ ইত্যাদি।

শনিবার মেলার নজরুল মঞ্চে ৭টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

সেমিনার

দ্বিতীয় দিনে মেলার মূল মঞ্চে ছিলো ‘অমিত সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা। এতে ওয়াহিদউদ্দীন মাহমুদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খোন্দকার ইব্রাহিদ খালেদ।

আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, বর্তমান গর্ভনর আতিউর রহমান, অধ্যাপক এম এম আকাশ ও মাসুদা ভাট্টি।

সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিল্পী সাদী মহম্মদ, খায়রুল আনাম শাকিল, শাম্মী আখতার, ফেরদৌস আরা, চন্দনা মজুমদার, রথীন্দ্রনাথ রায়, সুজিত মোস্তফা, অদিতি মহসিন, মাহমুদুজ্জামান বাবু ও নন্দিতা ইয়াসমিন।

রোববারের আয়োজন

এদিন মেলা শুরু হবে বিকাল তিনটায়।

মূল মঞ্চে থাকছে ‘বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির রূপান্তরের ধারা’ শীর্ষক আলোচনা সভা। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন মেঘনা গুহ ঠাকুরতা। আলোচনায় অংশ নেবেন রেহনুমা আহমেদ, রবিউল ইসলাম ও মুজতবা আহমেদ। সভাপতিত্ব করবেন সিরাজুল ইসলাম।

সন্ধ্যায় পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।