২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কটিয়াদীতে জাল ডলার চক্রের আস্তানায় অভিযান, গুলিবিদ্ধ ১

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় র‌্যাবের সঙ্গে জাল ডলার তৈরি চক্রের সংঘর্ষ হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 08:09 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভোগপাড়া গ্রামে ওই সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় প্রতারক চক্রের প্রধান আব্দুল করিমকে (৪০) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

অন্যদিকে প্রতারক চক্রের ধারাল অস্ত্রের আঘাতে আহত হয়েছে কনস্টেবল নাফিজ সরকার (২৮) ও আব্দুল করিম। তাদের প্রথমে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

সেখান থেকে চিকিৎসকের পরামর্শে আব্দুল করিমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গলায় ও বুকে গুলিবিদ্ধ করিমের অবস্থা আশঙ্কাজনক। তবে মাথায় আঘাত পাওয়া নাফিজ সরকার আশঙ্কামুক্ত।

র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর মাহফুজুল নূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে বাহিনীর একটি দল ভোগপাড়া গ্রামে জাল ডলার তৈরি চক্রের আস্তানায় হানা দেয়।

“র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রের সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় মাথায় ধারালো অস্ত্রের আঘাতে র‌্যাবের একজন কনস্টেবল  আহত  হন। তখন র‌্যাব পাল্টা গুলি চালালে প্রতারক চক্রের প্রধান আব্দুল করিম গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়।”

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, বেশ কয়েকটি ধরালো অস্ত্র ও বিপুল পরিমাণে জাল ডলার উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।