নারায়ণগঞ্জে উত্ত্যক্তকারীর সাজা
কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
শনিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম এটিএম শরীফুল আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাওন আহম্মেদ (২৫) কে ওই দণ্ডাদেশ দেন।
শাওন উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আলী মর্তুজার ছেলে।
শরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কায়েতপাড়া এলাকায় এক ছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে গত কয়েকদিন ধরেই উত্ত্যক্ত করে আসছিল শাওন।
শুক্রবার বিকালে ছাত্রীর অভিভাবকরা বিষয়টি পুলিশ ও জেলা প্রশাসনকে জানায়।
অপরাধ প্রমাণিত হওয়ায় শাওনকে কারাদণ্ড দেয়া হয়। তাকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে বলে জানান হাকিম শরিফুল।
