২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দা উঠছে প্রাণের মেলার

আর কিছুক্ষণ বাদেই পর্দা উঠছে অমর একুশের গ্রন্থমেলার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 08:10 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

শুক্রবার বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই বইপ্রেমীদের জন্য খুলে দেয়া হবে মেলার প্রধান দুটি ফটক।

প্রকাশকদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে এ বছরই প্রথম শুধু প্রকাশকদের নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপি এই মেলা শুরু হচ্ছে। অমর একুশে গ্রন্থমেলার ৩৫তম আয়োজন এটি। 

এবারের মেলা উৎসর্গ করা হয়েছে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে, গত কয়েক দশক ধরে প্রতি মেলাতেই যার বই বিক্রির তালিকায় শীর্ষ স্থান দখল করে রাখত।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান বলেন, “দীর্ঘ তিন দশকের নিয়ম ভেঙ্গে এ বছর শুধু প্রকাশকদের নিয়ে এ মেলা হতে যাচ্ছে, যা প্রকাশকদের দীর্ঘ দিনের দাবি ছিল।”

বিগত মেলার আয়োজনগুলোকে ‘মিনি বাণিজ্য মেলা’র সঙ্গে তুলনা করে তিনি বলেন, “এ বছর সে অবস্থানের পরিবর্তন হয়েছে। আর এ জন্য আমাদের মুখোমুখি হতে হয়েছে কঠিন বাস্তবতার। তবে সব বাধা পেরিয়ে আশা করি সবার সহযোগিতায় একটি সুন্দর মেলা উপহার দিতে পারব।”

এ বছর একাডেমী প্রাঙ্গণের বাহিরে কোনো বইয়ের দোকানকে অনুমোদন দেয়া হয়নি বলেও জানান মহাপরিচালক।

এ বছরের গ্রন্থমেলায় মোট ২৭৪টি প্রতিষ্ঠানকে ৪৬০টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ২৪৬টি প্রকাশক ও প্রকাশনা প্রতিষ্ঠান পেয়েছে ৪১৮টি ইউনিট এবং ২৮টি সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠান পেয়েছে ৪২টি ইউনিট।

এছাড়া মেলায় ৪৫টি লিটল ম্যাগাজিন জায়গা পেয়েছে ‘লিটল ম্যাগ কর্নারে’।

বইমেলায় বাংলা একাডেমী ৩০ শতাংশ ও মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে।

এ বছরের গ্রন্থ মেলায় বাংলা একাডেমী প্রকাশ করছে ৪২টি নতুন বই।

শিশুকিশোর বিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্থান হয়েছে বরাবরের মতোই নজরুল মঞ্চের সামনে ‘শিশু কর্নারে’। নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যাবস্থা থাকছে প্রঙ্গণের নজরুল মঞ্চে।

মেলার বিভিন্ন চত্বরে বিন্যস্ত করা হয়েছে ১৯৫২ সালের ভাষা শহীদ সালাম, রফিক, জব্বার, বরকত ও শফিউরের নামে।

বইমেলার প্রচার কার্যক্রমের জন্য তথ্যকেন্দ্র থাকবে বর্ধমান ভবনের পশ্চিম বেদীতে। সাংবাদিকদের অবাধ তথ্য আদান-প্রদানের সুবিধার্থে গ্রন্থমেলায় মিডিয়া সেন্টার থাকবে তথ্যকেন্দ্রের উত্তর পাশে।

এ বছরও গ্রন্থ মেলা চত্বরকে ওয়াইফাই জোনে রূপান্তরিত করা হয়েছে, যার ফলে মেলার দর্শনার্থীরা নিজেদের ল্যাপটপ বা অন্য যন্ত্রে বিনামূল্যে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।

গ্রন্থমেলার নিরাপত্তা ব্যবস্থা

মেলায় প্রবেশের জন্য পুষ্টি ভবনের সামনে এবং আণবিক শক্তি কমিশনের সামনে দুটি প্রবেশপথ থাকবে। প্রতিটি প্রবেশপথে দুটি করে আর্চওয়ে দিয়ে মেলায় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ, র‌্যাব, আনসার, গোয়েন্দা সংস্থাসহ একাডেমীর নিরাপত্তাকর্মীরা মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

এছাড়া সার্বক্ষনিক নিরাপত্তার নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে থাকছে ৬৪টি ক্লোজড সার্কিট ক্যামেরা।

মেলার সময় সূচি ও সেমিনার

পহেলা ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১শে ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

মেলার সময়ে ২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টায় মূল মঞ্চে হবে সেমিনার। বিশিষ্ট বাঙালিদের জন্মশত ও সার্ধশতবর্ষ এবং বাংলার বিস্মৃতপ্রায় ও সমকালীন মনীষার জীবন ও কর্ম নিয়েও আলোচনা হবে।

এছাড়া মাসব্যাপী প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা উপলক্ষে বাংলা একাডেমী শিশু-কিশোর চিত্রাঙ্কন, সঙ্গীত, সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছে।

এছাড়া, একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০১২ সালে প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে গুণগতমান বিচারে সেরা গ্রন্থের জন্য ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’ এবং গ্রন্থমেলায় সর্বাধিক সংখ্যক মানসম্মত বই প্রকাশের জন্য শ্রেষ্ঠ তিন প্রকাশনা প্রতিষ্ঠানকে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেয়া হবে।

১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি বাংলা একাডেমীর বটতলায় মাত্র ৩২টি বই নিয়ে প্রথম বইমেলার প্রচলন করেন ‘মুক্তধারা’ প্রকাশনীর চিত্তরঞ্জন সাহা। ১৯৭৬ সালে এসে মেলায় যোগ দেয় আহমদ পাবলিশিং হাউস। এরপর ১৯৭৭ সালে একে একে যোগ দেয় নওরোজ কিতাবিস্তান ও চলন্তিকা।

১৯৭৮ সালে প্রাতিষ্ঠানিকভাবে বইমেলার আয়োজন শুরু করে বাংলা একাডেমী। ১৯৮৪ সালে বাংলা একাডেমী বইমেলা নাম পরিবর্তন করে রাখা হয় ‘অমর একুশে গ্রন্থমেলা’।

পুরনো খবর:

বিদেশি লেখকের বইয়ে ‘হ্যাঁ’, তবে...