বিদেশি লেখকের বইয়ে ‘হ্যাঁ’, তবে...
একুশের বইমেলায় বিদেশি লেখকদের বই প্রকাশ করা যাবে বলে জানিয়েছে বাংলা একাডেমী।
তবে এ ক্ষেত্রে কপিরাইট আইন মেনে চলতে হবে, বলেছেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।
একুশে গ্রন্থমেলার উপলক্ষে বৃহস্পতিবার বাংলা একাডেমী আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
শুক্রবার শুরু হচ্ছে মাসব্যাপী একুশের বইমেলা, যা নাগরিক জীবনের অন্যতম অনুষঙ্গ।
বাংলা একাডেমীর মহাপরিচালক বলেন, “যথানিয়মে প্রকাশিত বই মেলায় প্রবেশে কোন বাধা নেই। রয়্যালিটির সময় অতিক্রম করেছে, তাদের বই কোনো প্রকাশক প্রকাশ করলে সেখানেও কোনো বাধা নেই।
“অনুবাদ বই প্রকাশের ক্ষেত্রে কপিরাইট আইন মেনে সমসাময়িকদের বই প্রকাশ করা যাবে।”
তিনি জানান, কপিরাইটবিরোধী টাস্কফোর্স মেলায় অভিযান চালাবে। অনুমতি ছাড়া অনুবাদ বা পাইরেটেড বই পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এবারের গ্রন্থমেলা প্রয়াত লেখক হুমায়ূন আহমেদকে উৎসর্গ করা হয়েছে।
এবারের মেলায় মোট ২৭৪টি প্রতিষ্ঠানকে ৪৬০ স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ২৪৭টি প্রকাশনা প্রতিষ্ঠান পাবে ৪১৯টি ইউনিট।
২৭টি সরকারি ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানকে ৪১টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া মেলায় লিটলম্যাগ কর্নারও থাকবে বরাবরের মতো।
নজরুল মঞ্চের সামনে শিশু কর্নারে থাকবে শিশুকিশোর বিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল।
প্রতিবারের মত নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা নজরুল মঞ্চে থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গ্রন্থমেলার চত্বরকে ওয়াইফাই জোনে রূপান্তরের ফলে মেলায় ইন্টারনেট ব্রাইজিংয়ের সুবিধা পাওয়া যাবে।
মেলায় ঢুকতে পুষ্টি ভবনের সামনে এবং আনবিক শক্তি কমিশনের সামনে দুটি প্রবেশপথ থাকবে।
মেলায় সাবিক নিরাপত্তার ব্যবস্থায় থাকবে পুলিশ, রাব, আনসার, বিভিন্ন গোয়েন্দাসংস্থাসহ একাডেমীর নিরাপত্তাকমিরা।
একাধিক ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে।
এবারের গ্রন্থমেলাকে সম্পূর্ণরূপে পলিথিন ও ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।
১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পযন্ত ছুটির দিন ছাড়া বিকাল ৩টা থেকে রাত ৯টা পযন্ত মেলা চলবে।
ছুটির দিন (শুক্র, শনি) বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ২১ ফেব্রুয়ারি মেলার ফটক খুলবে সকাল ৮টায়।
