২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় কাটায় ইটভাটার ২০ লাখ টাকা জরিমানা

আইন অমান্য করে পাহাড় কাটার দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি ইটভাটাকে প্রায় ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 04:29 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বৃহস্পতিবার সীতাকুণ্ডের কুমিরার সোনাইছড়ি এলাকার ‘মেসার্স মডার্ন ব্রিক্স’ লিমিটেডকে এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার একই ইটভাটার জন্য ইট তৈরি করতে পাশের একটি পাহাড় কাটার সময় তা ধসে এক শ্রমিকের মৃত্যু হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড় কাটায় পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন হওয়ায় পরিবেশ সংরক্ষণ আইনে এই ইটভাটার মালিক মো. এম এ কালাম, মো. জামাল উদ্দিন ও আরও ৫/৬ জনের বিরুদ্ধে বিশেষ হাকিম আদালতে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

এর আগে গত বছরের ৬ ডিসেম্বর পাহাড় কাটা বন্ধ করতে মেসার্স মডার্ন ব্রিক্স লিমিটেডকে নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর। এ নির্দেশ অমান্য করে আবারো পাহাড় কাটায় এ ইটভাটাকে ১৯ লাখ ৬০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।