পল্টনে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
রাজধানীর পল্টনে এক তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল মজিদ (৪৩) ও জাকির হোসেন (৪২)।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, চাকরির প্রলোভন দেখিয়ে পল্টনের মরণ চাঁদ হোটেলের তৃতীয় তলায় আদম ব্যবসায়ীদের এক অফিসে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। সেখানে তাকে মিষ্টির সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে বুধবার রাতে ধর্ষণ করা হয় বলে মেয়েটি অভিযোগ করেছে।
এসআই বলেন, বৃহস্পতিবার ভোরে নেশার ঘোর কেটে যাওয়ার পর ওই তরুণী কলাপসিবল গেট তালাবন্ধ দেখতে পেয়ে ‘বাঁচাও’ বলে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
পরে পুলিশ এসে গেটের তালা ভেঙে তরুণীকে উদ্ধার এবং মজিদ ও জাকিরকে তৃতীয় তলার ওই অফিস থেকে গ্রেপ্তার করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) মেয়েটিকে ভর্তি করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এসআই খোরশেদ ।
