‘দেনমোহর’ বনাম ‘এক টাকার দেনমোহর’
আদালতের অন্তর্বর্তী নিষেধাজ্ঞা উপেক্ষা করে ‘এক টাকার দেনমোহর’ ছবিটি বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
দেনমোহর’ চলচ্চিত্রের প্রযোজক শেখ কামাল বৃহস্পতিবার ঢাকার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
তিনি দাবি করেন, সালমান শাহ অভিনীত ‘দেনমোহর’ ছবির দৃশ্য ও সংলাপ নকল করে ‘এক টাকার দেনমোহর’ ছবিটি নির্মাণ করা হয়েছে। এই ছবি প্রদর্শনে আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে তা বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রযোজক শেখ কামাল বলেন, গত ২ জানুয়ারি ঢাকার জেলা জজ আদালতে তার দায়ের করা মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ‘এক টাকার দেনমোহর’ ছবি কোন প্রেক্ষাগৃহে যেন প্রদর্শন না করা হয় সে মর্মে অন্তর্বর্তী নিষেধাজ্ঞার আদেশ দেন বিচারক মো. আবদুল মজিদ।
ওই মামলায় ‘এক টাকার দেনমোহর’ এর প্রযোজক আলী আসগর ও পরিচালক এম বি মানিককে বিবাদি করা হয়।
শেখ কামাল জানান, এক টাকার দেনমোহরের প্রযোজক, পরিচালক আদালতের নির্দেশ উপেক্ষা করে ঢাকার ডেমরা-সারুলিয়ার ‘মতিমহল’ প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শন করছে জানতে পেরে তিনি গত ১৭ জানুয়ারি মামলার আদেশের কপি নিয়ে ডেমরা থানা পুলিশের শরণাপন্ন হন।
থানার ওসির কাছে তিনি চরচ্চিত্রটির প্রিন্ট ওই প্রেক্ষাগৃহ থেকে জব্দ করার আবেদন করেন।
তিনি অভিযোগ করেন, পুলিশ এ বিষয়ে শুধুমাত্র একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়ে তাকে ধমক দিয়ে থানা থেকে তাড়িযে দেয়।
বাদি এ ব্যাপারে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডেও অভিযোগ করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
প্রযোজক আরো জানান, ১৯৯৪ সালে দেনমোহর ছবিটি সারা দেশের প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হয়। এর পরিচালক হচ্ছেন শফি বিক্রমপুরী।
তিনি দাবি করেন যে, দেনমোহর ছবিটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি ব্যবসাসফল ছবি। এটি ‘নকল’ করে ২০১১ সালে তন্ময় কথাচিত্রের ব্যানারে প্রযোজক আলী আজগর ‘এক টাকার দেনমোহর’ ছবিটি নির্মাণ করেন।
