দুর্গাপুরে টঙ্কনেত্রী ‘শহীদ রাশিমণি মেলা’ শুরু
নেত্রকোনার দুর্গাপুরের বহেরাতলী গ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী টঙ্কনেত্রী ‘শহীদ রাশিমণি মেলা’।
সকালে টঙ্ক আন্দোলনের সংগঠক ও রাশিমণির সহযোদ্ধা কুমুদিনী হাজং এ মেলার উদ্বোধন করেন।
হাজংমাতা রাশিমণি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শহীদ রাশিমণি স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ মেলায় উদ্বোধনের পর পরই স্থানীয় বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।
দুপুরে মেলা প্রাঙ্গণ থেকে একটি সুসজ্জিত র্যালি বের হয়ে তা শিবগঞ্জ বাজার হয়ে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
বিকালে মতিলাল হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বপন হাজং, পল্টন হাজং, খগেন হাজং প্রমুখ। শেষে পরিবেশিত হয় স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা।
মতিলাল হাজং জানান, মেলায় প্রতিদিন বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা থাকছে। মেলায় বিভিন্ন পণ্যের ৩০টি স্টল রয়েছে।
বৃটিশ আমলে সুসং পরগণায় জমিতে ফসল হোক বা না হোক, চুক্তি মাফিক জমিদারের গোলায় ধান তুলে দিতে হত চাষিপ্রজাদের। স্থানীয় ভাষায় একে বলা হত ‘টঙ্কপ্রথা’। এই টঙ্কপ্রথার ধান না দিতে পারলেই চাষিদের ওপর নেমে আসত জমিদারের পাইক-পেয়াদাদের নির্মম নির্যাতন।
জমিদারদের শোষণ থেকে বাঁচাতে ১৯৩৭ সালে নভেম্বরের শেষ দিকে জমিদারের ভাগ্নে ‘কমরেড’ মণি সিংহ দুর্গাপুরের দশাল গ্রামে টঙ্ক চাষিদের নিয়ে শুরু করেন টঙ্কবিরোধী আন্দোলন।
এ আন্দোলনের অংশ হিসেবে নারীরা ‘আত্মরক্ষা সমিতি’ নামে সংগঠন গড়ে তুলে। এই সংগঠনের নেতৃত্বে ছিলেন রাশিমণি হাজং।
আন্দোলনের এক পর্যায়ে ১৯৪৬ সালের ৩১ জানুয়ারি সকাল ১০টার দিকে দুর্গাপুরের বহেরাতলী গ্রামে টঙ্ক চাষিদের ওপর হামলা চালায় বৃটিশ সরকারের ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল বাহিনী।
ওই সময় বাহিনীর সদস্যরা নববিবাহিতা কুমুদিনী হাজংকে ধরে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে রাশিমণি হাজং এর নেতৃত্বে সমিতির নারীরা রাইফেল বাহিনীর কাছ থেকে কুমুদিনী হাজংকে ছিনিয়ে আনতে যায়। এ সময় বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই নিহত হন হাজং নেত্রী রাশিমনি।
