ভারতে কারাভোগ শেষে ফিরল দুই নারী
ভারতে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর দেশে ফিরেছে দুই নারী।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বুধবার রাতে নার্গিস আক্তার (২২) ও কুলছুম আক্তারকে (২০) বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নার্গিস ও কুলছুমের বাড়ি নরসিংদী সদরে। তাদের পরিবার গত বছর শুরুর দিকে নরসিংদী সদর থানায় অজ্ঞাত পরিচয়ের পাচারকারীদের বিরুদ্ধে নারী পাচারের মামলা করেছিলো।
ভালো কাজের প্রলোভনে পড়ে ওই দুই নারী দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে যায়। কাজের সন্ধানে ঘোরাঘুরি করার সময় অন্ধ্রপ্রদেশ পুলিশ তাদের আটক করে।
পরে আদালত অবৈধ ভাবে বসবাসের অভিযোগে তাদের ১১ মাসের করাদণ্ড দেয়।
সাজার মেয়াদ শেষ হলে ত্রিপুতি নামের একটি ভারতীয় এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়কেন্দ্রে রাখে। পরে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয় বলে জানান পরিদর্শক কারুজ্জামান।
বৃহস্পতিবার নার্গিস ও কুলছুমকে নংরসিংদী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছ।
