নরসিংদীতে জামায়াত-শিবিরের ২ নেতা গ্রেপ্তার
নরসিংদীতে হরতালের মধ্যে গাড়িতে আগুন দেয়া ও নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইসলামী ছাত্র শিবিরের নরসিংদী শহর শাখার সভাপতি মাহফুজুর রহমান নাইম (২৫) ও জামায়াতে ইসলামীর রায়পুরা উপজেলা শাখার সাবেক আমির নজরুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে শিবপুরের সৈয়দনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে থেকে নাইমকে এবং রায়পুরা থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়।
শিবপুর থানার ওসি কেএম ফিরোজ আল জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে একদল শিবিরকর্মী মোটরসাইকেল যোগে এসে ফাঁড়ির সামনে থাকা হাওড় বিলাস নামের পরিত্যক্ত গাড়ীটিতে আগুন দিয়ে পালানোর সময় নাইমকে গ্রেপ্তার করা হয়।
রায়পুরা থানা ওসি মাহমুদুল হাসান জানান, হরতালে নাশকতামূলক কাজে সহায়তা করার অভিযোগে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
