হরতালে যুদ্ধাপরাধের বিচার বন্ধ হবে না: প্রধানমন্ত্রী
যুদ্ধাপরাধের চলমান বিচার শেষ করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনোভাবেই এই বিচার বন্ধ করা যাবে না।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও আটক নেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর হরতালের দিন বৃহস্পতিবার পঞ্চগড়ে আওয়ামী লীগের জনসভায় একথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার হরতাল দিয়ে এবং পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মেরে বন্ধ হবে না। এ বিচার চলতে থাকবে।
“একে একে সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করে আমরা জাতিকে কলঙ্কমুক্ত করব।”
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেয়। এই পর্যন্ত একটি মামলার রায় হয়েছে, আরো দুটি মামলাও রায়ের অপেক্ষায় রয়েছে।
যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করে আসা জামায়াত বৃহস্পতিবার সারাদেশে যে হরতাল ডাকে, তাতে বিএনপিও সমর্থন দেয়।
যুদ্ধাপরাধীদের বিচারে জনগণের ম্যান্ডেট রয়েছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, “বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায় না। এজন্য তাদের নেত্রী খালেদা জিয়া এ বিষয়ে কোনো কথা বলেন না।”
“বঙ্গবন্ধু সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। কিন্তু দুঃখজনক সত্যি হল, জিয়াউর রহমান এসে জেলে আটক যুদ্ধাপরাধীদের মুক্ত করে সরকারে স্থান দেন। এর ধারাবাহিকতা বিএনপিও অব্যাহত রাখে,” বলেন তিনি।
পঞ্চগড় চিনিকল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনা।
জামায়াতের হরতালের মধ্যে কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত এই জনসভার মাঠ ছিল কানায় কানায় পূর্ণ।
আধা ঘণ্টার বক্তব্যের শুরুতেই শেখ হাসিনা গত সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুটি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী করায় জেলাবাসীকে ধন্যবাদ জানান।
বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকা মার্কায় ভোট দিতে পঞ্চগড়বাসীকে আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, “আরেকবার সুযোগ পেলে ক্ষুধামুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ শেষ করতে প্রচেষ্টা চালাব। একইসঙ্গে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করে বিশ্বসভায় সম্মানের আসনে অধিষ্ঠিত করব।”
আগামী নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। গত ৪ বছরে সাড়ে ৫ হাজারের বেশি নির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। লোকজন নির্বিঘেœ ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে।
“কোথাও কোনো হস্তক্ষেপ করা হয়নি। এভাবেই আওয়ামী লীগ সবার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
গত চার বছরের উন্নয়ন কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারে থাকলে দেশের উন্নয়ন হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ শান্তিতে থাকতে পারে। আর বিএনপি-জামাত সরকারে এলে সন্ত্রাস-জঙ্গিবাদ মাথাচাড়া দেয়।”
বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, কৃষি খাতে ভর্তুকি অব্যাহত রাখা, স্বাস্থ্যসেবার প্রসার ঘটানো, তথ্য-প্রযুক্তি খাতের বিকাশ ঘটানো, শিক্ষাখাতে বিনা বেতনে পড়ার সুযোগ সম্প্রসারণের কথা তুলে ধরেন তিনি।
দেশে জীবনমানের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আগে যেখানে দিনমজুরি ও রিকশা চালিয়ে ৫০/৬০ টাকা আয় হত, এখন সেখানে হয় ৩শ থেকে ৪শ টাকা। ভিজিডি-ভিজিএফসহ নানা সামাজিক নিরাপত্তা বেষ্টনি চালুর ফলে এখন কোনো মানুষ অভুক্ত থাকে না। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এজন্য উত্তরাঞ্চলে মঙ্গা দূর হয়েছে।”
প্রধানমন্ত্রী জনসভায় মকবুলার রহমান সরকারি কলেজে মাস্টার্স কোর্স এবং সরকারি মহিলা কলেজে অনার্স কোর্স চালুর ঘোষণা দেন। এসময় করতালিতে তার এই ঘোষণাকে স্বাগত জানায় জনতা।
জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, রেলমন্ত্রী মুজিবুল হক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধান বক্তব্য রাখেন।
বিকালের জনসভার আগে প্রধানমন্ত্রী দেবীগঞ্জ উপজেলা সদরের ময়নামতির চরে দশম জাতীয় রোভারমুট ও পঞ্চম জাতীয় কমডেকার উদ্বোধন করেন।
সেখান থেকে পঞ্চগড়ে ফিরে তিনি নবনির্মিত ১০০ শয্যার মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন করেন।
পরে তিনি নবনির্মিত পঞ্চগড়-তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়ক, পঞ্চগড় গ্রিড সাব-স্টেশন এবং নব নির্মিত তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র উদ্বোধন এবং পার্বতীপুর-পঞ্চগড় ১৫০ কিলোমিটার ডুয়েল গেজ রেল লাইনের পঞ্চগড় অংশের ভিত্তিস্থাপন করেন।
