নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, ব্যাংক প্রহরী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকায় বৃহস্পতিবার ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি ব্যাংকের প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে।
দুপুরে সৈয়দপুর এলাকার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ছাদে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার গিয়াসউদ্দিন মাহমুদ (৫৫) ওই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। গিয়াসউদ্দিন শহরের পুরাতন কোর্ট এলাকার শায়েস্তা খান রোডে অবস্থিত জনতা ব্যাংকের প্রহরী।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম মঞ্জুর কাদের সাংবাদিকদের জানান, শিশুটি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। তার বাবা ভাঙ্গারী ব্যবসায়ী। কয়েকদিন ধরেই শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে আসছেন এই প্রহরী।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে তিনি শিশুটিকে আবারো ডেকে নিয়ে যান। এক পর্যায়ে শিশুটিকে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।তখন শিশুটি চিৎকার দিলে তাকে হত্যার হুমকি দেন তিনি।
পরে শিশুটি আরো জোরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে ও গিয়াসউদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
