২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে গার্মেন্ট কর্মকর্তাকে বরখাস্ত

নারী শ্রমিককে ধর্ষণে জড়িত থাকার অভিযোগে তৈরি পোশাক  শ্রমিকদের বিক্ষোভের মুখে কারখানার এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 12:50 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের বেরন এলাকায় ‘উইন্ডো গ্রুপের’ তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ মহাব্যবস্থাপক ইমাম হোসেনকে বরখাস্ত করে।

শিল্প পুলিশ আশুলিয়া জোনের উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৭ জানুয়ারি রাত ৮টায় ইমাম হোসেন এক নারী শ্রমিককে প্রলোভন দেখিয়ে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে শ্রমিকরা অভিযোগ করছেন।

২৮ জানুয়ারি ওই শ্রমিককে পাওনাদি বুঝিয়ে দিয়ে চাকরিচ্যুত করা হয়।

বুধবার সন্ধ্যায় নির্যাতিতা শ্রমিক ঘটনাটি তার সহকর্মীদের কাছে প্রকাশ করে দিলে রাতেই কারখানার ভিতরে ভাংচুর করে বিক্ষুদ্ধ শ্রমিকরা। পরে কর্তৃপক্ষের বিচারের আশ্বাসে বাড়ি চলে যান তারা।

বৃহস্পতিবার সকালে কাজ বন্ধ রেখে শ্রমিকরা কারখানায় বিক্ষোভ করে এবং ইমামকে তাদের হাতে তুলে দেয়ার দাবি জানায়। এ সময় কারখানার কয়েক কর্মকর্তা কাজে যোগদানের আহ্বান জানালে শ্রমিকরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের লাঞ্ছিত করে বলে জানান শিল্প পুলিশ কর্মকর্তা।

তিনি আরো জানান, এ অবস্থায় মহাব্যবস্থাপক ইমাম হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি তদন্তের জন্য কর্তৃপক্ষ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

শনিবার তদন্ত সাপেক্ষে কারখানা কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও বিক্ষুব্ধ শ্রমিকরা তা না মেনে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন বলে জানান শিল্প পুলিশের এসআই ওমর ফারুক।

এ প্রসঙ্গে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কেউ কথা বলতে রাজি হয়নি।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানা কর্তৃপক্ষ কিংবা ওই নারী শ্রমিক কোন অভিযোগ দেননি। অভিযোগ দিলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।