হরতালে রাজধানীতে গ্রেপ্তার ২২
জামায়াতে ইসলামীর ডাকা হরতালে রাজধানীতে জামায়াত-শিবিরের ২২জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহানগর পুলিশের উপ-কমিশানর (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বহস্পতিবারের হরতালে ঢাকায় একটি গাড়ি ভাংচুর ও দুটি গাড়িতে আগুন দেয়া হয়।
এছাড়া হরতালের আগের দিন বুধবার নগরীতে দুটি গাড়ি ভাংচুর ও দুটি গাড়িতে আগুন দেয়াসহ বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের ৩৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ভোজসভা এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলার কারণে ঢাকা ও চট্টগ্রামে হরতাল হয় বেলা ২টা পর্যন্ত। জামায়াতের এই হরতালে সমর্থন দেয় বিএনপিও।
হরতালে বিশৃঙ্খলা ঠেকাতে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়কে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য অবস্থান নেন। এর মধ্যেও যাত্রাবাড়ী, মিরপুর, শ্যাওড়াপাড়াসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও গাড়ি ভাংচুর করে হরতালকারীরা। পল্টন ও বাংলামটর এলাকায় ফাটানো হয় কয়েকটি হাতবোমা।
হরতালের কারণে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে থেকে দূরপাল্লার বাস বন্ধ ছিল। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
