মাদারীপুরে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
মাদীপুরের শিবচরে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে পদ্মা নদীর কাঠালবাড়ির কাওলিপাড়ার চরে এ ঘটনা ঘটে। ১৩ বছর বয়সী ওই মেয়েটির বাড়ি শিবচরের কাদিরপুর ইউনিয়নের বেপারিকান্দি গ্রামে।
গ্রেপ্তার হযরত বেপারি (২৮) ও রুবেল মাদবর (২৬) সম্পর্কে শালা-দুলাভাই বলে পুলিশ জানিয়েছে।
শিবচর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিউটন দত্ত জানান, মঙ্গলবার বিকেলে ঢাকার মগবাজারে দুলাভাইয়ের বাসা থেকে প্রতিবেশি হযরতের সঙ্গে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন ওই কিশোরী।কিন্তু কাওড়াকান্দি ঘাটে পৌঁছানোর পর রাত হয়ে যাওয়ায় হযরত মেয়েটিকে তার শশুরবাড়ি শিবচরের কাঠালবাড়ির চরচন্দ্রা গ্রামে নিয়ে যান।
“বুধবার সকালেও নানা অজুহাতে তারা সেখানে তাকে রেখে দেন।বিকেলে বেড়ানোর কথা বলে হযরত ও তার শালা রুবেল নৌকায় করে মেয়েটিকে পদ্মা নদীর কাঠালবাড়ির কাওলিপাড়ার চরের কাশবনে নিয়ে যান। সেখানে ইউসুফ নামের আরেক যুবক তাদের সঙ্গে যোগ দেয়।এরপর মেয়েটিকে ধর্ষণ করে তারা।”
এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হযরত ও রুবেলকে আটক করে। পালিয়ে যায় ইউসুফ। রাতে মেয়েটিকে নিরাপত্তা হেফাজতে নেয় পুলিশ।
হযরত ও রুবেল জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে নিজেদের দোষ স্বীকার করেছে বলে জানান এএসআই নিউটন।
শিবচর থানার ওসি মাসুদউদ্দিন খান জানান, এ ঘটনায় মেয়েটি বাদি হয়ে শিবচর থানায় মামলা করেছেন। গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
