২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ভিসি কার্যালয় ঘেরাও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 05:14 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

উন্নয়ন ফি বাতিল এবং বেদখল হল উদ্ধারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় বুধবার প্রায় দুই ঘণ্টা ঘেরাও করে রাখে প্রগতিশীল ছাত্রজোটের নেতৃত্বে আন্দোলনকারীরা।

বেলা ১২টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের পর ২টা পর্যন্ত উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থানের সময় ভবনের ফটকে ভেতর থেকে তালা লাগিয়ে দেয় প্রশাসনের কর্মকর্তারা।

ঘেরাওয়ের সময় উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ তার দপ্তরেই ছিলেন। সোয়া ২টার দিকে আন্দোলনকারীদের বিক্ষোভের মধ্যে পুলিশ পাহারায় নিজের গাড়িতে ওঠেন তিনি।

ওই সময় আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ধাক্কা-ধাক্কি হয়।

প্রক্টর অশোক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্দোলনকারীদের সঙ্গে বহিরাগতরাও ছিল, যারা শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করেছে।”

ঘেরাও বা মিছিল না করে আনুষ্ঠানিক আলোচনায় বসতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে উপাচার্য কার্যালয় ছাড়ার পর ক্যাম্পাসের মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোট।

এতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক শরিফুল চৌধুরী, ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ফারুক আহমেদ, ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদা ইসলামসহ কয়েকজন শিক্ষার্থী।

তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।