মগবাজারে বাসে আগুন
জামায়াতে ইসলামীর হরতালের আগের দিন রাজধানীর মগবাজারে একটি বাসে আগুন দেয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় এই আগুন দেয়া হয় বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই বাসে আগুন দেয়ায় ওই দলের কর্মীরা জড়িত বলে পুলিশের ধারণা।
অগ্নিনির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মী গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৬ নম্বর রুটের একটি বাসে আগুন দেয়া হয়।
ওই এলাকায় কর্তব্যরত একাধিক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতের একদল কর্মী বাসে আগুন দিয়েছে।
বায়তুল মোকাররমে সভার অনুমতি না পাওয়ার পর এর প্রতিবাদ এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল, আটক নেতাদের মুক্তি দাবিতে বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত।
মগবাজারে বাসে আগুন দেয়ার আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং পুলের কাছে দোয়েল চত্বর এলাকায় জনতা ব্যাংকের কর্মচারী বহনের একটি দোতলা বাসে আগুন দেয়া হয়। ওই এলাকায় দুটি হাতবোমারও বিস্ফোরণ ঘটানো হয়।
এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি বিশেষ ছাত্র সংগঠনের কর্মীরা গত দুদিন ধরে ক্যাম্পাস এলাকায় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে।”
