রমেকে ধর্মঘটের হুমকি ছাত্রলীগের
রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতির ওপর হামলাকারীদের বৃহস্পতিবারের মধ্যে গ্রেপ্তার না করলে ধর্মঘটের হুমকি দিয়েছে ক্ষমতাসীন দলের এই ছাত্র সংগঠন এবং ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন।
বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগ রংপুর মেডিকেল কলেজ শাখা সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন প্রধান অভিযোগ করেন, সোমবার রাতে ইন্টার্ন চিকিৎসক আশফাকুল হক খন্দকার পুলকের নেতৃত্বে একদল চিকিৎসক ডা. পিন্নু ছাত্রাবাসের ৪৬ নম্বর কক্ষে ঢুকে কলেজ ছাত্রলীগ সভাপতি রেজানুর রহমান মিরাজকে কুপিয়ে আহত করে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হামলাকারীদের নাম উল্লেখ করে তাদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি দেওয়া হলেও তারা গ্রেপ্তার হয়নি।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রানা বলেন, বৃহস্পতিবারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার, পুলকের ইন্টার্নশিপ বাতিলসহ হামলাকারী রাহাত আল রাজিব, রাইসুল ইসলাম নবীন, সঞ্জীব কুমার সিংহ, সোহাগ হোসেন, ইমরান হোসেন ও শফিকে বহিষ্কার এবং ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হবে।
তবে ইন্টার্ন চিকিৎসক আশফাকুল হক খন্দকার পুলক অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে হামলার ঘটনা ঘটেছে।
কলেজ অধ্যক্ষ আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার ঘটনায় কলেজের পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। এছাড়া স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য মঙ্গলবার পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি শাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় কারো নাম উল্লেখ না করায় হামলাকারীদের শনাক্তের কাজ চলছে। শনাক্ত হলেই গ্রেপ্তার করা হবে।
