২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৯ হাজার বস্তা সার নষ্ট

বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকায় মেঘনা নদীতে দুটি পণ্যবাহী জাহাজের সংঘর্ষের পর একটিতে থাকা প্রায় সাড়ে নয় হাজার বস্তা সার পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 11:07 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

মঙ্গলবার সকালে মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার মেহেন্দীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সাংবাদিকদের বলেন, কংক্রিট বোঝাই এমভি সাজ্জাতুল-১ এবং সার বোঝাই এমভি শামস পাশাপাশি ঢাকার দিকে যাচ্ছিল।

মল্লিকপুর লঞ্চঘাট থেকে কিছু দূর যাওয়ার পর দুই জাহাজের সংঘর্ষ হয়। এতে এমভি শামস এর একটি পাশ ফেটে পানি ওঠা শুরু করলে চালক এটিকে দ্রুত পাশের বাচ্চার চরে উঠিয়ে দেয়।

কিন্তু এতেও সব রক্ষা করা যায়নি। প্রায় সাড়ে ৯ হাজার বস্তা সার ভিজে নষ্ট হয়ে গেছে।

তিনশ বস্তার মতো সার উদ্ধার করা গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরো জানান, এমভি শামসে থাকা সার মাদারীপুরের মো. দিপু নামে এক ব্যবসায়ীর। এগুলো চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল।

মো. দিপু নামে পুলিশকে জানিয়েছেন, এতে তার প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে, বলেন তিনি।