২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর সদরসহ তিন পৌরসভায় ১৪৪ ধারা জারি

যুবলীগ-ছাত্রলীগ ও জামায়াতে ইসলামী একই সময়ে সমাবেশ ডাকায় লক্ষ্মীপুর সদর, রায়পুর ও রামগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 10:13 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

জেলা সদরসহ অপর দুই পৌর এলাকায় বুধবার সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, লক্ষ্মীপুর আদর্শ সামাদ একাডেমী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় জামায়াত ও জেলা যুবলীগ সমাবেশ ডেকেছে। এ পরিস্থিতিতে যেকোনো ধরনের সংঘাত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিদ্যালয় মাঠ ও পৌর এলাকায় দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ জারি করা হয়েছে।

রামগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় ও স্টেশন মডেল হাইস্কুল মাঠে উপজেলা যুবলীগ, কলেজ ছাত্রলীগ এবং উপজেলা জামায়াত একই সময়ে সভা  ডাকায় সমাবেশস্থলসহ রামগঞ্জ পুরো পৌর এলাকায় দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

এছাড়া রায়পুর পৌরসভার স্থানীয় আজিজিয়া মাদ্রাসা মাঠে পৌর জামায়াত ও পৌর যুবলীগ একই সময়ে সভা আহবান করায় সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, বলেন জেলা প্রশাসক।