২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বক্তব্য প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে ‘আরো সময়’ তারেকের

প্রধানমন্ত্রীর বক্তব্য প্রতাহার চেয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যে উকিল নোটিস পাঠিয়েছিলেন তার জবাব দেয়ার সময় আরো ১৫ দিন বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 08:36 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

অর্থপাচার নিয়ে প্রধানমন্ত্রী ‘অসত্য’ বক্তব্য দিয়েছেন দাবি করে গত ২ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই উকিল নোটিস পাঠান তারেক রহমান, যার বিরুদ্ধে ২০ কোটি  টাকা পাচারের অভিযোগে মামলা চলছে।  

ওই নোটিসের সময় বৃদ্ধির কথা জানিয়ে তারেকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত আরেকটি চিঠি বুধবার সুন্দরবন কুরিয়ার সার্ভিস ও রেজিস্ট্রি ডাকের মাধ্যমে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।

এতে বলা হয়, “আপনার মিথ্য বক্তব্য প্রত্যাহারে আমরা গত ২ জানুয়ারি একটি লিগ্যাল নোটিস পাঠিয়েছিলাম। জবাবের জন্য ওই নোটিসে উল্লিখিত ২৮ দিন ৩০ জানুয়ারি পার হলেও কোনো ধরনের জবাব পাইনি।

“মন্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমাপ্রার্থনার জন্য আমার মক্কেল আপনাকে আরো ১৫ দিন সময় দিচ্ছেন।”

গত ১ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য উদ্ধৃত করে লিগ্যাল নোটিসে বলা হয়, “খালেদা জিয়া তার ছেলেরা নাকি সৎ জীবনযাপন করে বলেছেন। যেদিন তিনি এ কথা বললেন, সেদিনই তার ছেলেদের মানিন্ডারিংয়ের টাকা দেশে ফেরত এসেছে। এ মামলা আওয়ামী লীগ সরকার করেনি। মামলা হয়েছে আমেরিকার কোর্টে। এই এলাকার অনেকেই প্রবাসে থাকেন। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, তার ছেলে লন্ডনের কোন এলাকায় থাকে। কি গাড়ি ব্যবহার করে। কি রকম বিলাসবহুল জীবন যাপন করছে। কোথা থেকে এ টাকা আসে। দুর্নীতি ছাড়া এতো টাকা কোথা থেকে আসবে।

“তার ছেলেরা বিদেশে রেস্টুরেন্ট করেছে। বাড়ি করছে। দামি গাড়ি কিনছে। ভাঙ্গা সুটকেস থেকে কি এসব টাকা বের হচ্ছে? বিএনপি ক্ষমতায় থাকাকালে মানিলন্ডারিং করে এসব টাকা পাচার করে এখন লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছে তারেক।”

গণমাধ্যমে এসব বক্তব্য ব্যাপকভাবে প্রচারিত হয়েছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন খোকন উকিল নোটিসে বলেন, “এসব প্রতিবেদন পড়ে মনে হয়েছে, আপনি (শেখ হাসিনা) আমার মক্কেলের বিরুদ্ধে মানহানিমূলক বক্তব্য এবং অবমাননাকর মন্তব্য করেছেন। তার সুনাম ক্ষুণ্নের উদ্দেশ্যে এই বক্তব্য দেয়া হয়েছে।”

নোটিসে বলা হয়, প্রধানমন্ত্রীকে ওই বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে ‘যথাযথ আদালতে’ দেওয়ানী বা ফৌজদারি কার্যবিধিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তারেক অর্থ পাচার বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করছেন উল্লেখ করে তার আইনজীবী নোটিসে দাবি করেন, “বাংলাদেশ ব্যাংক তার কোনো টাকা ফেরত আনেনি। যুক্তরাষ্ট্রেও তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে কোনো মামলা হয়নি। আর লন্ডনে তার কোনো রেস্তোরাঁ বা বাড়ি নেই। কেবল চিকিৎসার জন্যই তিনি সেখানে অবস্থান করছেন এবং খুবই সাধারণ জীবন যাপন করছেন।”

নোটিসে বলা হয়, “বিদেশে আমার মক্কেলের স্বনামে-কোন স্বজনের নামে বা অন্য কারো নামে কোনো সম্পত্তি নেই। তিনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি পূর্ণ সততা, স্বচ্ছতা এবং আন্তরিকতা দিয়ে ব্যবসা পরিচালনা করেছেন। উপরন্তু তিনি নিয়মিত কর দেন এবং তার কোনো গোপন সম্পত্তি নেই। তিনি কখনো কোনো দুর্নীতি বা মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত ছিলেন না।”

জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ দুর্নীতির অভিযোগে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। সেই থেকে লন্ডনে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক।

তার বিরুদ্ধে ২০ কোটি টাকা পাচারের একটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে ঢাকার আদালতে। এ মামলায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) এজেন্ট ডেবরা লেপ্রোভেটও সাক্ষ্য দিয়েছেন।

ওই মামলায় বলা হয়,  টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু হলে তারেক জিয়ার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াস আল মামুন কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত সময়ে এই টাকা নেয়া হয়।

কাজ পাইয়ে দেয়ার কথা বলে এই টাকা নিয়ে তারেক ও মামুন সিঙ্গাপুরের সিটি ব্যাংকে রাখেন বলে দুদকের অভিযোগ।

লন্ডনে অবস্থানরত তারেকের বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।

এছাড়া সিঙ্গাপুরে অর্থ পাচারের জন্য তারেকের ছোট ভাই আরাফাত রহমান কোকোর ছয় বছরের কারাদণ্ড ও ১৯ কোটি টাকা জরিমানা করেছে আদালত। তার পাচার করা অর্থের মধ্যে সাড়ে ১৩ কোটি টাকা ইতোমধ্যে ফেরত আনা হয়েছে বলে জানিয়েছে দুদক।