খাগড়াছড়ি-বান্দরবানে বুধবার হরতাল
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ইটভাটিতে শ্রমিক হত্যার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার খাগড়াছড়ি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
সংগঠনটি পাহাড়ের তিন জেলায় হরতাল ডাকলেও বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান থাকায় রঙামাটিতে হরতাল একদিন পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে।
সোমবার খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইসমাইল নবী শাওন এ কর্মসূচি ঘোষণা করেন।
এরপর পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয় হয়।
তাদের দাবিগুলো হল ১. মাটিরাঙ্গার ইটভাটায় উপজাতীয় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত ফারুকের খুনীদের গ্রেপ্তার এবং আহত দুই শ্রমিকসহ নিহত ফারুকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, ২. উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজিসহ সকল ঘটনার সুষ্ঠু বিচা, ৩. পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রত্যাহার করা সেনাক্যাম্প পুনঃস্থাপন, ৪. তিন পার্বত্য জেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কার্যক্রম চালু করে র্যাবের মাধ্যমে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং ৫. পরিবেশ রক্ষায় উপজাতীয় সন্ত্রাসীদের হাত থেকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সৃজিত বাগান রক্ষায় দ্রুত হস্তক্ষেপ করা।
এদিকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা আহবায়ক আবদুল মজিদ এক বিবৃতিতে বলেন, ঘটনার চারদিন পার হলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
তাই স্বতঃস্ফূর্তভাবে হরতাল সফল করার আহবান জানান তিনি।
শুক্রবার রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ১০নম্বর বটতলী এলাকায় মেসার্স ভাই ভাই ব্রিকফিল্ডে সন্ত্রাসীর ব্রাশ ফায়ারে ইটভাটি শ্রমিক মো. ফারুখ হোসেন (১৫) নিহত হন। আহত হন ইটভাটির ব্যবস্থাপক আবুল হোসেন ও শ্রমিক শাহজাহান।
রাঙামাটি প্রতিনিধি জানান, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা হরতাল রাঙামাটিতে বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার হবে।
মঙ্গলবার পরিষদের রাঙামাটি জেলা প্রচার সম্পাদক মো. সুমন এক বিবৃতিতে একথা জানান।
বিবৃতিতে বলা হয়, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কেন্দ্রীয়ভাবে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণার দেয়। কিন্তু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মগুরু বনভান্তর প্রথম পরিনির্বাণ বার্ষিকী থাকায় এবং রাজবনবিহার উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের অনুরোধে বুধবারের হরতাল বৃহস্পতিবার পিছানো হয়েছে।
