‘ধর্মীয় বিশ্বাস অনুসারে পোশাক পরিধানে বাধা কেন’
ধর্মীয় বিশ্বাস অনুসারে পোশাক পরিধানে বাধা দান কেন সংবিধান বহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই রুল জারি করে।
চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারী পক্ষে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
আদেশের পর ফাহিমা নাসরিন মুন্নী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ ডিসেম্বর মগবাজারের একটি অ্যাপার্টমেন্ট থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুরুষ সদস্যরা ২১ নারীকে গ্রেপ্তার করে। পরে ৭ জানুয়ারি তাদেরকে আদালতে হাজিরের সময় জোর করে তাদের বোরকা খুলে ফেলতে বাধ্য করে।
ফাহিমা নাসরিন বলেন, এটা সংবিধানের ৪১ অনুচ্ছেদের লংঘন।
এই ২১ নারীর মধ্যে যুদ্ধাপরাধের অভিযোগে বিচারাধীন কাদের মোল্লার স্ত্রীও রয়েছেন। বাকীরাও জামায়াত-শিবিরের ছাত্রী সংস্থার কর্মী।
গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছিল, এ সব নেতা-কর্মী ‘নাশকতা’ করতে সেখানে গোপন বৈঠক করছিলো।
