সেনাবাহিনীর পোশাকে ছবি: স্টুডিও মালিক আটক
সেনাবাহিনীর পোশাকে ভুয়া ছবি তুলে দেয়ায় এক স্টুডিও মালিককে আটক করা হয়েছে।
সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্রসহ আটক এক যুবকের তথ্যের ভিত্তিতে সভারের নবীনগর এলাকা থেকে স্টুডিও মালিক রবিউল ইসলামকে আটক করা হয়।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২০ জানুয়ারি ৯ পদাতিক ডিভিশন কিশোরগঞ্জের হোসেনপুর থানার চর হটর আলগী গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে আল মামুনকে (২৩) সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্রসহ মিরপুর চিডিয়াখানার প্রধান ফটক থেকে আটক করে।
তল্লাশির পর তার কাছ থেকে সেনাবাহিনীর পোশাক পরা ছবি, সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র এবং মেডিকেল সনদ পাওয়া গেছে।
জিজ্ঞাসাবাদে মামুন জানায়, সাভারের নবীনগর এলাকার কুরগাঁও জামে মসজিদ সংলগ্ন রবি ডিজিটাল স্টুডিও থেকে এগুলো তৈরি করা হয়েছে।
মামুনের দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ওই স্টুডিওতে অভিযান চালিয়ে রবিউলকে আটক করা হয়।
মামুন ও রবিউলকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
