২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানা মালিকদের গ্রেপ্তারের নির্দেশ চেয়ে আবেদন

তাজরীন ফ্যাশনসের মালিক ও স্মার্ট ফ্যাশনসের তিন পরিচালককে গ্রেপ্তার ও নিহতদের শ্রমিকদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য হাই কোর্টে একটি আবেদন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 12:02 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

Image
শনিবার রাতে আগুনে আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনস পুড়ে যায়। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, নভেম্বর ২৫, ২০১২

শনিবার রাতে আগুনে আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনস পুড়ে যায়। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, নভেম্বর ২৫, ২০১২

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ মঙ্গলবার সকালে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন।

বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চে বুধবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে ইউনুস আলী জানিয়েছেন।

তাজরীন মালিক ও স্মার্ট ফ্যাশনের তিন পরিচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিতে এবং ৭২ ঘণ্টার মধ্যে এ দুই পোশাক কারখানায় নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে এই আবেদনে।

এর পাশাপাশি দুটি রুলও চেয়েছেন ইউনুস আলী আকন্দ।

আবেদনে শ্রম সচিব, পুলিশের মাহাপরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক, আশুলিয়া ও মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্মার্ট ফ্যাশনের তিন পরিচালক মো. শরীফ আহমদ, জাকির হোসেন ও শ্রী সুভাষ, তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেন ও বিজেএমইএ কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

গত ২৬ জানুয়ারি মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় স্মার্ট ফ্যাশনস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে সাত নারী শ্রমিক মারা যান। এর আগে গত ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে আগুনে মারা যান অন্তত ১১১ জন শ্রমিক।

স্মার্ট ফ্যাশনের তিন পরিচালকের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করেছেন অগ্নিকাণ্ডে নিহত এক শ্রমিকের বাবা। আর তাজরীনের মালিকের বিরুদ্ধেও মামলার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। 

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর রোববার সাংবাদিকদের বলেন, তাজরীন মালিককে গ্রেপ্তার করা হলেই সমস্যার সমাধান হবে না। 

তাজরীনের ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন মন্ত্রী।