সন্ত্রাসের জন্য বাংলাদেশের মাটি নয়: প্রধানমন্ত্রী
বাংলাদেশের ভূখণ্ড কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হতে দেয়া হবে না বলে আবার বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী আরো বলেন, সন্ত্রাস মোকাবেলায় নয়া দিল্লি ও ঢাকা সঠিক অবস্থানে রয়েছে।
সুশীল সিন্দে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। তাদের বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরে ঢাকা-নয়া দিল্লি বহিঃসমর্পণ এবং সংশোধিত ভ্রমণ চুক্তি সই হয়েছে।
এই দুটি চুক্তিতে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা আশা প্রকাশ করেন, সংশোধিত ভ্রমণ চুক্তির ফলে দুই দেশের মানুষের যোগাযোগ আরো বাড়বে।
দুই দেশের স্থলসীমা চুক্তিতে ভারতের অনুসমর্থনের প্রতীক্ষায় বাংলাদেশ রয়েছে বলে সুশীল সিন্দেকে জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে সীমান্ত পরিস্থিতি এবং তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়েও আলোচনা হয় বলে প্রেসসচিব জানান।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তিস্তা চুক্তি ঝুলে আছে দেড় বছর ধরে। আর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানিয়ে আসছে ঢাকা।
প্রধানমন্ত্রী দারিদ্র্যকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ‘শত্রু’ আখ্যায়িত করে তা নির্মূলে একযোগে কাজ করার আহ্বান জানান।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ তুলে দিচ্ছেন শেখ হাসিনা।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারত সরকার এবং দেশটির জনগণের সহযোগিতার কথাও স্মরণ করেন শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক করিম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরণ।
