অর্থ আত্মসাতের স্বীকারোক্তি টেলিটক কর্মকর্তার
তিন কোটি ১৭ লাখ ১৯ হাজার টাকা আত্মসাতের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন টেলিটকের উপ-ব্যবস্থাপক এ কে এম আসাদুজ্জামান।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম আসামিকে আদালতে হাজির করে স্বীকারোক্তি নেয়ার আবেদন করেন।
আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক আসামি আসাদুজ্জামানের জবানবন্দি নথিভুক্ত করেন।
এর আগে আসাদুজ্জামান আরো চারটি মামলায় দোষ স্বীকার করে আদালতের কাছে জবানবন্দি দেন।
এর আগে রমনা থানায় করা গত ৭ জানুয়ারির ৬(১১)১২ নম্বর, গত বছরের ২৪ ডিসেম্বরের ১০(১১)১২ নম্বর, ২ জানুয়ারির ৯(১১)১২ নম্বর ও ২৪ জানুয়ারির ৫২ (১০)১২ নম্বর মামলায় তিনি স্বীকারোক্তি দেন। আসাদুজ্জামানের বিরুদ্ধে রমনা থানায় মোট ছয়টি মামলা রয়েছে।
অর্থ আত্মসাতের অভিযোগ এনে দুদকের উপ-পরিচালক সহিদুর রহমান বাদি হয়ে গত বছরের ২১ অক্টোবর রমনা থানায় টেলিটকের এই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।
গত বছরের ১৩ ডিসেম্বর তাকে টেলিটকের প্রধান কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।টেলিটকের উপ-ব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আসাদুজ্জামান বিটিসিএলের সাবেক বিভাগীয় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
