২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত শ্রমিকদের পরিবারকে বিকেএমই’র অর্থ সহায়তা

রাজধানীর মোহাম্মদপুরে পোশাক কারখানায় আগুনে নিহত শ্রমিকদের পরিবারকে এক লাখ টাকা করে অর্থ সহায়তা দেবে বিকেএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 03:50 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

সোমবার সন্ধ্যায় শ্রম মন্ত্রণালয়ে ওই অগ্নিকান্ডের ঘটনা নিয়ে এক সভা শেষে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান এ ঘোষণা দেন।

তিনি বলেন, নিহতদের পরিবার প্রতি এক লাখ টাকা করে দেয়ার পাশাপাশি পরিবারের একজন সদস্যকে চাকরি দেয়া হবে।

শনিবার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ‘স্মার্ট’ নামের ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে সাত নারী শ্রমিক নিহত হন।

এদিকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির(বিজিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী বলেন, “ওই অগ্নিকান্ডের ঘটনায় আমরা দায়িত্ব এড়াতে চাই না, নিহত সাত শ্রমিকের পরিবারকে সাহায্য করা হবে। কিন্তু এ ব্যাপারে বিজিএমইএ আলোচনা করে সিদ্ধান্ত নেবে।”

শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান জানান, নিহতদের পরিবারকে সম্মিলিতভাবে সহযোগিতা করা হবে। প্রধানমন্ত্রীও ত্রাণ তহিবল থেকে সহায়তা করবেন।

তিনি ‘স্মার্ট’ এর কর্মীদের চলতি মাসের বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা নিতে বিজিএমইএ ও বিকেএমইএ’র প্রতি আহ্বান জানান।

শ্রম সচিব মিকাইল শিফার জানান, বেতন নির্ধারণের জন্য শ্রম অধিদপ্তরের পরিচালকের নেতৃত্বে একটি কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে।

প্রতিমন্ত্রীর এ আহ্বানে সাড়া দিয়ে শ্রমিকদের চলতি মাসের বেতন দেয়ার প্রতিশ্রতি দেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দ।

বিজিএমইএ নেতারা জানান, দেশে প্রায় সাড়ে চারশ পোশাক কারাথানা রয়েছে, যারা বিজিএমইএ সদস্য নয় এবং এগুলোতে সাধারণত বেশি দুর্ঘটনা ঘটছে।

এই সাড়ে চারশ কারখানার তালিকা চেয়ে শ্রম সচিব বলেন, আগামী ১০ দিনের মধ্যে এসব কারখানা পরিদর্শন  করে শ্রম অধিদপ্তর একটি প্রতিবেদন জমা দিবে। প্রতিবেদন হাতে পাওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো জানান, কারখানায় কাজ চলার সময় কলাপসিবল গেট বন্ধ রাখা যাবে না, যদি বন্ধ থাকে তাহলে সংশ্লিষ্ট কারখানা বন্ধ করে দেয়া হবে এবং দুই-একদিনের মধ্যে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি দেয়া হবে।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।