ওপারের ধর্মঘটে কাজ বন্ধ এপারেও
ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট ও কার্গো অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটে ১০ দিন ধরে অচল ভোমরা স্থলবন্দর।
ঘোজাডাঙ্গার একটি সেতুর ওপর দিয়ে পণ্যবাহী ১০ চাকার ট্রাক চলাচলের দাবিতে গত ১৯ জানুয়ারি ধর্মঘট ডাকে তারা। এরপর থেকে বন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। ফলে থমকে আছে বন্দরের সব কার্যক্রম।
বন্দর ব্যবসায়ীদের অভিযোগ, ভারত সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় দুই দেশের ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই সঙ্গে বেকার রয়েছে ভোমরা বন্দরের কয়েক হাজার শ্রমিক।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, ১৯৯৬ সালের ১৫ মে ভোমরা বন্দরের যাত্রা শুরু হয়। ১৯৯৮ সালের শেষের দিকে ভারতের ঘোজাডাঙ্গা এলাকার একটি সেতু নষ্ট হয়ে যায়। এরপর থেকে ওই সেতুর ওপর দিয়ে ১০ চাকার পণ্যবাহী ট্রাক চলাচল নিষিদ্ধ ঘোষণা ভারতীয় কর্তৃপক্ষ।
গত বছরের জুন মাসে সেতুটির সংস্কার কাজ শেষে ১০ চাকার ট্রাক চলাচলের উপযোগী হলেও কর্তৃপক্ষ আগের আদেশ বহাল রাখে।
তিনি অভিযোগ করেন, সেতুটির উপর দিয়ে ১০ চাকার ট্রাক চলাচলে ভারতীয় একটি শ্রমিক ইউনিয়ণ বাধা সৃষ্টি করে আসছে।
সমস্যাটি ভারতের অভ্যন্তরে হলেও দুর্ভোগের পুরো অংশীদার হচ্ছে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা, বলেন তিনি।
সেতুটি দিয়ে ১০ চাকার ট্রাক চলাচলের দাবিতে গত ১৯ জানুয়ারি ধর্মঘটের ডাক দেয় ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ ও কার্গো অ্যাসোসিয়েশন। ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে।
এ ব্যাপারে ভোমরা স্থলবন্দর কাস্টমস এর সহকারী কমিশনার (শুল্ক) আল আমিন বলেন, ধর্মঘটের কারণে গত দশ দিনে কয়েক কোটি টাকার রাজস্ব থেকে সরকার বঞ্চিত হয়েছে।
