১০ ট্রাক অস্ত্র: হাকিম মাহবুবকে দিনভর জেরা
দশ ট্রাক অস্ত্র মামলায় চট্টগ্রামের সাবেক মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানকে সোমবার দিনভর আসামি পক্ষের তিন আইনজীবী জেরা করেছেন।
চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে তাকে জেরা করা হয়।
তার জেরা অসমাপ্ত রেখেই আদালত মঙ্গলবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন। এর আগে রোববার আদালতে এ মামলায় সাক্ষ্য দেন মাহবুবুর রহমান।
সোমবার শুরুতে সাক্ষী মাহাবুবুর রহমানকে জেরা করেন আসামি অবসরপ্রাপ্ত উইং কমান্ডার শাহাবুদ্দিন আহমদের আইনজীবী হামিদুর রহমান মাহমুদ।
মধ্যে দেড় ঘণ্টা বিরতির পর বিকাল পৌনে ৫টা পর্যন্ত সাক্ষীকে জেরা করেন আসামি হাফিজুর রহমানের আইনজীবী মাহমুদুর রহমান এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানের আইনজীবী সাহাবউদ্দিন।
জেরায় শাহাবুদ্দিনের আইনজীবী প্রশ্ন করেন, “ আসামিকে কোথা থেকে আপনার কাছে আনা হয়েছিল, তা জানতে চেয়েছিলেন?”
উত্তরে মাহাবুবুর রহমান বলেন, “জানতে চেয়েছিলাম। তিনি (আসামি) বলেছিলেন, তাকে ঢাকা থেকে আনা হয়েছে।”
হাফিজুর রহমানের আইনজীবী মাহমুদুর রহমানের জেরার প্রশ্নের জবাবে মাহাবুবুর রহমান বলেন, ২০১০ সালের ৬ ফেব্রুয়ারি বিকাল ৫টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত আসামির জবানবন্দি নথিভুক্ত করেছিলেন তিনি।
২০০৫ সালে এই মামলার বিচার কাজ শুরু হয়েছিল। বিচার কাজ শুরু হওয়ার সাড়ে পাঁচ বছর পর আসামির জবানবন্দি নেয়া হয়।
মামলার আসামি সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ আসামিকে কড়া নিরাপত্তায় এদিন আদালতে হাজির করা হয়।
