চম্পা হত্যা: বাদীপক্ষের উপর হামলায় গ্রেপ্তার ৯
ফরিদপুরে স্কুলছাত্রী চম্পা হত্যা মামলার বাদীপক্ষের উপর হামলার ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে সদরের কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সোমবার আদালতে হাজির করলে তাদের জেলহাজতে পাঠানো হয়।
এরা হলেন রফিক শেখ (৪০), মোবারক মাতুব্বর (৩৩), সীমা (২৮), রেনু বেগম (৬০), আনোয়ারা বেগম (৪৫), মনোয়ারা বেগম (৫২), আমেনা বেগম (২৫), হাজেরা খাতুন (৬০) ও ফাতেমা বেগম (৪২)।
কোতোয়ালি থানার এসআই আমিনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শনিবার বিকালে বাদীপক্ষের কয়েকজনকে সঙ্গে নিয়ে পুলিশ চম্পা হত্যা মামলার আসামি সালাম মাতুব্বরকে গ্রেপ্তার করতে ওই গ্রামে যায়।
এ সময় আসামি পালিয়ে গেলেও তার ভাই হাসান ও বজলুর নেতৃত্বে ১৫/১৬ জন লোক বাদী পক্ষের উপর হামলা করে।
এ ঘটনায় চম্পার চাচা আলমগীর মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
গত ১৪ ডিসেম্বর গ্রামের একটি মেহগনি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় চম্পার লাশ উদ্ধার করে পুলিশ।ওই দিনই নিহতের ভাই হাসিবুল ইসলাম বাদী হয়ে চম্পাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
