যাত্রাবাড়ীতে আট বছরের শিশুকে ধর্ষণ
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করেছে এক দুবৃত্ত।
ওই ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদি হয়ে রোববার রাতে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সামছ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর একটি স্কুলের ওই শিক্ষার্থী নানির বাসা থেকে ধলপুরে নিজ বাসায় ফেরার পথে এক যুবক তাকে ধর্ষণ করে। শিশুটির বয়স আট বছর।
মেয়েটি বাসায় ফেরার পর তার দেহ থেকে রক্ত ঝরতে দেখে বাবা-মা তাকে জিজ্ঞেস করলে সে ওই ঘটনা তাদের জানায়।
শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, ওই যুবককে শিশুটি চিনতে পারেনি। তাকে গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার মানিকগঞ্জে চলন্তবাসে ধর্ষণের শিকার হন এক গার্মেন্টকর্মী।
এ ছাড়া শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে অপরিচিত দুই যুবকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশায় উঠে ধর্ষিতা হন এক নারী। ফটিকছড়ি থেকে অটোরিকশায় আসার সময় চালক ও যাত্রীবেশী দুই যুবক জোর করে ওই নারীকে ফটিকছড়ির উদালিয়া চা বাগানের কাছে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
