কঠোর হচ্ছে ‘বিকল্প শিশু খাদ্য আইন’
বিকল্প শিশুখাদ্যকে ‘মায়ের দুধের চেয়েও ভাল’ দাবি করে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে শাস্তি বাড়ানোর প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, এ আইন সংসদে পাস হলে মাতৃদৃগ্ধের বিকল্প হিসাবে শিশুখাদ্যের প্রচারে অনুমতি নিতে হবে।
বর্তমানে এ আইন ভাঙলে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। প্রস্তাবিত আইনে এ শাস্তি বাড়িয়ে ৩ বছর কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা করার প্রস্তাব দেয়া হয়েছে।
সচিব বলেন, এ আইনের আওতায় মাতৃদৃগ্ধের বিকল্প শিশু খাদ্য উৎপাদন, এর মান ও প্রচার নিয়ন্ত্রণ করা যাবে।
“বিকল্প খাদ্যের প্রচার এমনভাবে করা যাবে না, যাতে মনে হয় যে ওই খাদ্য মায়ের দুধের চেয়ে ভাল।”
আইন ভাংলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা যাবে বলে উল্লেখ করা হয়েছে খসড়ায়।
খসড়াটি যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত অনুমোদনের জন্য আবার মন্ত্রিসভায় তোলা হবে বলে সচিব জানান।
মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা বৃদ্ধি
সরকারি চাকরিতে থাকা মুক্তিযোদ্ধাদের চাকরির মেয়াদ ৫৯ থেকে ৬০ বছর করার খসড়ার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি কর্মচারী (অবসর) আইন ২০১৩ আগেই অধ্যাদেশের মাধ্যমে জারি করা হয়েছে। এবার তা আইন আকারে সংসদে পাস হবে। যেহেতু এটি একটি অর্থবিল, তাই রাষ্ট্রপতির সুপারিশের পর তা সংসদে উঠবে।
এছাড়া মন্ত্রিসভার বৈঠকে ‘পল্লী সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ নীতিমালার খসড়াও অনুমোদন পেয়েছে।
পল্লী এলাকার গুরুত্বপূর্ণ পাকা সড়কগুলো স্থানীয় সরকার বিভাগ ও কম গুরুত্বপূর্ণ সড়কগুলো জেলা ও উপজেলা পযায়ে সংস্কার করা হবে বলে এ নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
বেসরকারী খাত ও পিপিপির মাধ্যমে এ সড়কগুলোর সংস্কার করা হবে বলে সচিব জানান।
এছাড়া ২৮ এপ্রিলকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ ঘোষণার একটি প্রস্তাবও মন্ত্রিসভা অনুমোদন করেছে।
সচিব জানান, ২০০০ সালে সুবিধাবঞ্চিতদের আইনগত সহায়তা দিতে ‘আইনগত সহায়তা আইন’ পাস করা হয়। সে আইনের আওতায় বিগত ৪ বছরে বিভিন্ন জেলা উপজেলায় লিগ্যাল এইড কমিটির মাধ্যমে সরকারি খরচে ৪৭ হাজারের বেশি ‘সুবিধাবঞ্চিতকে’ আইনি সহায়তা দেয়া হয়েছে।
এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে বলে সচিব জানান।
সরকারের চার বছরের চিত্র
মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১২ সালের চতুর্থ ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর) প্রতিবেদন এদিন মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।
বিগত সরকার এবং বর্তমান সরকারের গত চার বছরে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের তুলনামূলক একটি চিত্র উপস্থাপন করেন সচিব।
তিনি বলেন, বর্তমান সরকারের চার বছরে ১৮২টি বৈঠকে এক হাজার ২০৯টি সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে এক হাজার ১২০টি বা ৯২ দশমিক ৬ শতাংশ। এই সময়ে ২০২টি আইন, ৩৮টি কর্মকৌ্শল ও ১০০টি চুক্তি হয়েছে।
আর বিগত চার দলীয় জোট সরকারের প্রথম চার বছরে ১৭১টি বৈঠকে এক হাজার ৬০৯টি সিদ্ধান্ত হয়। যার মধ্যে ৪৬৩টির বা, ৭৬ শতাংশের বাস্তবায়ন হয়েছে।
ওই সময়ে ১৩৭টি আইন, ১৮টি কর্মকৌশল ও ৪৮টি চুক্তি হয় বলে সচিব জানান।
