ট্রাক বিকল: সিরাজগঞ্জ-বগুড়া সড়কে দীর্ঘ যানজট
একটি সেতুতে তেলবাহী ট্রাক বিকল হয়ে সিরাজগঞ্জ-বগুড়া সড়কের রাতভর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোমবার সকালে ১০ ঘণ্টা পর ট্রাকটি সরিয়ে নিলে এ সড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে হাইওয়ে পুলিশ জানায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ জানান, বগুড়ার শেরপুর উপজেলার গোগা সেতুর ওপরে রোববার রাত ২টার দিকে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি ভোজ্য তেলবাহী ট্রাক বিকল হয়ে যায়।
এতে সিরাজগঞ্জ-বগুড়া সড়কের হাটিকুমরুল মোড় পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এবং অপরদিকে শেরপুরের নন্দীগ্রাম বাইপাস সড়ক পর্যন্ত আরো প্রায় ১০ কিলোমিটারের মতো সড়কে যানজটের সৃষ্টি হয়।
শেরপুর থানার ওসি আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেরপুরের কোন্দারহাট হাইওয়ে ফাঁড়ির রেকার এনে সকাল ১১টার দিকে ওই বিকল ট্রাকটি সরানো হয়।
পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে ওসি জানান।
