২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদন পেল বন্দি বিনিময় চুক্তির খসড়া

ভারতের সঙ্গে দণ্ডপ্রাপ্ত ও বিচারাধীন আসামি বিনিময়ের সুযোগ রেখে ‘বহিঃসমর্পণ চুক্তি’ স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রীসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 07:51 AM

Updated : 25 Apr 2022, 06:18 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, থাইল্যান্ডের সঙ্গে আগে থেকেই বাংলাদেশের এ চুক্তি রয়েছে। এবার ভারতের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর হচ্ছে।

সচিব বলেন, রাজনৈতিক আশ্রয়প্রার্থী বা রাজনৈতিক বন্দিদের ক্ষেত্রে এ চুক্তি প্রযোজ্য হবে না, কেবল ফৌজদারি মামলার বিচারাধীন ও দণ্ডপ্রাপ্ত আসামিরাই এ চুক্তিও আওতায় পড়বে। 

বহিঃসমপর্ণের ক্ষেত্রে বন্দির শাস্তির মেয়াদ কমপক্ষে এক বছর হতে হবে। এক বছরের কম শাস্তি হয়- এমন অপরাধের দায়ে গ্রেপ্তার আসামি এ চুক্তির আওতায় পড়বে না বলে জানান সচিব।

বন্দি বিনিময়ে ক্ষেত্রে যে কোনো দেশ সুপারিশ প্রত্যাখ্যান করতে পারবে। কোন কোন ক্ষেত্রে সুপারিশ প্রত্যাখান করা যাবে তা চুক্তিতে উল্লেখ করা হয়েছে বলে সচিব জানান।

কোনো অপরাধীদের জন্য দুটি দেশের কাছ থেকে সুপারিশ আসলে যে দেশ বন্দি হস্তান্তর করবে সে দেশই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

কমপক্ষে ৬ মাস আগে নোটিশ দিয়ে যে কোনো দেশ এ চুক্তি বাতিল করার প্রস্তাব করতে পারবে বলে সচিব জানান।

এ চুক্তিতে সই করার জন্য সোমবার সকালে ঢাকোয় পৌঁছান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল সিন্দে। ভারত সরকার গত বৃহস্পতিবারই বহিঃসমর্পণ চুক্তি’র খসড়া অনুমোদন করে।     

গত ডিসেম্বেরে দিল্লিতে এক বৈঠকে এ চুক্তির বিষয়ে একমত হন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও সুশীল সিন্দে।