২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে হেলথ টেকনোলজির শিক্ষার্থীদের বিক্ষোভ

কোর্সের নাম পরিবর্তনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে বিএসসি ইন হেলথ টেকনোলজি (ডেন্টাল) কোর্সের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 06:24 AM

Updated : 25 Apr 2022, 06:18 PM

সোমবার সকাল ১০টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে প্রায় তিন ঘণ্টা গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ করে রাখে তারা। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দুপুর সোয়া ১টার দিকে অবরোধ শেষ করে বিএসসি ইন হেল্থ টেকনোলজি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর রায় বলেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে তারা এদিনের মতো কর্মসূচি প্রত্যাহার করছেন।

আগামী ৩ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান দীপঙ্কর।

তিনি বলেন, তাদের কোর্সের নাম হেলথ টেকনোলজি হলেও তাতে কারিগরি কোনো বিষয় পড়ানো হয় না। বরং পড়ানো হয় মুখ ও দন্ত চিকিৎসা শাস্ত্রের সব বিষয়।

“তাই আমরা এর নাম পরিবর্তন করে ব্যাচেলর অব ডেন্টিস্ট বা বিএসসি ইন ডেন্টিস্ট করার দাবি জানিয়েছি।”

তাদের অন্য দাবিগুলো হচ্ছে- বিএমডিসি কর্তৃক এই কোর্সের অনুমোদন, পাশ করার পর শিক্ষার্থীদের প্র্যাকটিসের নিবন্ধন প্রদান, সব সরকারি, স্বায়ত্বশাসিত হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পদ সৃষ্টি করে কর্মসংস্থানের ব্যাবস্থা করা, কোর্সের মেয়াদ চার বছর করা এবং এক বছরের ইন্টার্নশিপ চালু করা।

বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চিকিৎসা অনুষদ এই কোর্স পরিচালনার দায়িত্বে রয়েছে।