সিলেটে ছাত্র খুন, ‘হত্যাকারীর’ বাড়িতে আগুন
সিলেটে এক কলেজছাত্রকে খুনের পর জনতা কথিত হত্যাকারীর বাড়িতে আগুন দিয়েছে।
রোববার রাত ৮টার দিকে দক্ষিণ সুরমা উপজেলায় নুরুল আমিনকে কুপিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে দক্ষিণ সুরমা থানার ওসি নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায় প্রতিবেশী রফিক আহমদের সঙ্গে আমিনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রফিক তাকে দা দিয়ে কুপিয়ে আহত করে।”
আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মারা যান আমিন।
নিহত ওই কলেজছাত্র সিলাম পশ্চিমপাড়ার আব্দুল কাইয়ুমের ছেলে। তিনি সিলেট সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের পড়তেন।
ওসি জানান, ঘটনার পর থেকে রফিক পলাতক রয়েছে। আমিনের মৃত্যুর খবর পেয়ে রাত ৯টার দিকে স্থানীয়রা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ওই সময় একটি মাইক্রোবাসেও আগুন দেয়া হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
রাত সাড়ে ১০ টার দিকে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
