২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাংবাদিকদের নিরাপত্তাহীনতা গণতন্ত্রের জন্য লজ্জার’

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা গণতন্ত্রের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 05:39 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) প্রয়াত সাংবাদিক পথিক সাহার স্মরণসভায় এ কথা বলেন তথ্যমন্ত্রী ।

তথ্যমন্ত্রী বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।কিন্তু এখনো সাংবাদিকরা ঝুঁকির মধ্যে থেকে কাজ করছেন। অনেক সাংবাদিক খুন হয়েছেন। অনেক মামলা এখনো সুরাহা হয়নি।

তিনি বলেন, “এটি গণতন্ত্রের জন্য লজ্জার। আমার দপ্তর থেকে এই লজ্জা দূর করার চেষ্টা করছি।”

সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত হলে গণতন্ত্রের ভিতও মজবুত হবে, বলেন তিনি।

সাংবাদিক পথিক সাহা ২০১১ সালের ২৯ জানুয়ারি ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি দুই দফায় ডিআরইউ’র সাধারণ সম্পাদক ছিলেন।

সভায় পথিক সাহার স্ত্রীর চাকরি স্থায়ীকরণ এবং তার সন্তানের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার আশ্বাসও দেন মন্ত্রী।

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ হত্যার বিচার দ্রুত হলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিষয়টির কেন এখনো ঝুলে আছে- সে বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর থেকে সাগর-রুনি হত্যার সুষ্ঠু বিচারের জন্য তদবির করছি।”

সভায় বক্তারা পথিক সাহার নামে ডিআরইউ’র মিলনায়তন অথবা সংগঠনের একটি স্থাপনার নামকরণের জন্য নেতাদের প্রতি অনুরোধ জানান।

ডিআরইউ’র সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ইনকিলাবের নগর সম্পাদক জাকারিয়া কাজল, ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন ও সাজ্জাদ আলম খান তপু, পথিক সাহার বড় ভাই প্রণয় সাহা, ভগ্নিপতি আশিষ কুমার দে ও মলয় সাহা, ইন্ডিপেনডেন্ট টিভির সাংবাদিক শাহাবুদ্দিন চৌধুরী এবং ডিআরইউ সমবায় সমিতির সভাপতি মাহমুদুর রহমান খোকন।