২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি উপাচার্যের প্রহরীকে পিটুনি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ঢুকতে বাধা দেয়ায় ফটকের এক নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 03:12 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

ছাত্রলীগের বিগত কমিটির উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু রায়হান দুলাল রোববার সন্ধ্যায় প্রহরী বাবর আলীকে মারধর করেন বলে পুলিশ জানিয়েছে।

মতিহার থানার ওসি এস এম আবদুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ছাত্রলীগ নেতা উপাচার্য এম. আব্দুস সোবহানের সঙ্গে সাক্ষাতের জন্য আসেন। কিন্তু তিনি বাসায় নেই বলে জানিয়ে প্রহরী বাবর তাকে বাসায় ঢুকতে বারণ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে দুলাল প্রহরীকে মারধর করেন। পরে পুলিশ গিয়ে দুলালকে মতিহার থানায় নিয়ে যায়,” বলেন ওসি।

পরে অবশ্য দুলালকে ছেড়ে দেয়া হয় বলেও তিনি জানান।

দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই প্রহরী আমাকে অসহযোগিতা করেছেন। ছাত্রলীগের পরিচয় দেয়ার পরও গালিগালাজ করতে থাকেন। এসময় তার সঙ্গে আমার ধস্তাধস্তি হয়।

প্রহরী বাবর আলী বলেন, “উপাচার্য নেই জানালেও ওই নেতা আমাকে হুমকি ধামকি দেন। এক পর্যায়ে মারধর করেন।”