২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজপথ ছাড়লেন শিক্ষকরা

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা লাগাতার অবস্থান কর্মসূচি ‘মুলতবি’ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 10:30 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

আসন্ন এসএসসি পরীক্ষার জন্য কর্মসূচি ‘মুলতবি’ করা হয়েছে বলে রোববার জানিয়েছেন নেতারা।

তবে তারা বলেছেন, আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে চাকরি জাতীয়করণের ঘোষণা না এলে ৩১ মার্চ ঢাকায় মহাসমাবেশ করে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।

জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচির পর বিকালে শিক্ষক-কর্মচারীরা ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, “এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করা মহাঅবস্থান কর্মসূচি মুলতবি ঘোষণা করা হল।”

সোমবার থেকে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেন এই শিক্ষক নেতা।

এর আগে দুপুরে স্পিকারকে স্মারকলিপি দেন আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল।

সেলিম ভূইয়া বলেন, ১৭ ফেব্রুয়ারির মধ্যে চাকরি জাতীয়করণের ঘোষণা না এলে ১৮ ফেব্রুয়ারি প্রতি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল, ১২ মার্চ জেলা সদরে বিক্ষোভ মিছিল, ১১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ছাত্র, অভিভাবক, পেশাজীবী এবং রাজনীতিবিদদের মধ্যে প্রচারপত্র বিলি করা হবে।

“মহাসমাবেশের আগে চাকরি জাতীয়করণের ঘোষণা না এলে ঢাকা অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব,” হুমকি দেন তিনি।

Image
অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা (ফাইল ছবি)

অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা (ফাইল ছবি)

চাকরি জাতীয়করণের দাবিতে গত বুধবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করে বিক্ষোভ করে আসছিলেন শিক্ষক-কর্মচারীরা।

রোববার সকালেও প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষক-কর্মচারী।

চাকরি জাতীয়করণের দাবিতে গত ১০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দেশের প্রায় ২৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ধর্মঘট পালন করেন। এরপর ঢাকায় অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

শিক্ষকদের কর্মসূচির কারণে প্রতিদিনই জাতীয় প্রেসক্লাব এবং এর আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছিল।

শুক্রবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু এবং বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ শিক্ষকদের এই আন্দোলন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

এই অবস্থান কর্মসূচির আগে শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষক-কর্মচারীদের এই আন্দোলনকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে বলেন, এই আন্দোলন ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

তবে শিক্ষক নেতারা শিক্ষামন্ত্রীর সমালোচনার পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য মন্ত্রীর বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণাকে প্রত্যাখ্যান করেছেন।