সাগরে ট্রলারে ডাকাতি, নিখোঁজ ২৯ জেলে
বঙ্গোপসাগরের কক্সবাজার কাছে দুইটি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে কক্সবাজার-মহেশখালীর মাঝামাঝি এলাকায় সাগরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত ৬ জেলে উদ্ধার করা গেলেও এখনও ২৯ মাঝি-মাল্লা নিখোঁজ রয়েছে বলে বলে আক্রান্তরা জানিয়েছেন।
উদ্ধারের পর আহত জেলে এফবি ছেনুয়ারা-২ এর মাঝি ছৈয়দ নুর (৩২), নজির ইসলাম (৩৫), খোরশেদ আলম (৩২), শহিদুল ইসলাম (৫৫), মোহাম্মদ ফারুক (২৫), মোহাম্মদ বেলালকে (২৪) জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাঝি ছৈয়দ নুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতরা তাদের ট্রলার লক্ষ্য করে গুলি ছুড়লে মাঝি-মাল্লারা সাগরে লাফিয়ে পড়ে। পরে অন্যান্য জেলে তাদের উদ্ধার করলেও অনেকে এখনও নিখোঁজ রয়েছে।
নিখোঁজদের মধ্যে ১১ জেলের নাম জানা গেছে।
এরা হলেন- আমানুল হক (৫০), বাদশাহ আলম (৩০), মো. নসিব (৩২), ওবাইদুল্লাহ (৩৫), শফিউল আলম (৩৩), মো. জাকারিয়া (৩০), হাশেম উল্লাহ (৩২), রশিদ উল্লাহ (৩০), মোহামুদুল হাসান (২৫), একরামুল হক (৩০), আবছার (৩০)।
কক্সবাজার বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রলারের মাঝিরা মোবাইল ফোনে সর্বশেষ জানিয়েছে একদল জলদস্যু তাদের উপর হানা দিয়েছে।২টার পর থেকে আর যোগাযোগ সম্ভব হচ্ছে না।
ডাকাতির শিকার কক্সবাজার শহরের আবু সুলতানের ‘এফবি ছেনুয়ারা-২’ ট্রলারে ১৮ মাঝি-মাল্লা এবং নজরুল ইসলামের ‘এফবি- গোল্ডেন’ ফিশিংর ট্রলারের ১৭ মাঝি-মাল্লা ছিলেন।
প্রত্যক্ষদর্শী অন্যান্য মাঝিদের বরাত দিয়ে মোস্তাক আরো জানান, জলদস্যুরা মাঝি-মাল্লাদের সাগরে ফেলে দিয়ে ট্রলার নিয়ে গেছে। এ ব্যাপারে পুলিশসহ বিভিন্ন দায়িত্বশীল প্রশাসনকে তাক্ষণিকভাবে জানানো হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রলারে ডাকাতির লিখিত অভিযোগ পাওয়া গেছে।বিষয়টি বিভিন্ন থানায়সহ কোষ্টগার্ডকে জানানো হয়েছে।
