দেলোয়ারকে নিয়ে লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন খালেদার
দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে নিয়ে রচিত ‘শ্রদ্ধাঞ্জলি খোন্দকার দেলোয়ার’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিরোধী দলীয় নেতা প্রয়াত মহাসচিবের স্ত্রী বেগম সাহেরা হোসেন, তার ছেলে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, খোন্দকার আবদুল হামিদ ডাবলু, খোন্দকার আখতার হামিদ পবন, মেয়ে আখতারা খাতুন লুনা ও দেলোয়ারা বেগম পান্নাকে পাশে নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সহসভাপতি সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন, এ জেড এম জাহিদ হোসেন, বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাংসদ শাম্মী আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।
পাচশ’ পৃষ্ঠার এই বইটি প্রকাশ করেছে খোন্দকার দেলোয়ার ফাউন্ডেশন। এটি সম্পাদনা করেছেন খোন্দকার দেলোয়ারের বড় ছেলে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।
এই গ্রন্থে ‘এক-এগারো’র সময় খোন্দকার দেলোয়ারের ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ নিয়ে বিভিন্ন্ শিক্ষাবিদ ও রাজনীতিকরা লিখেছেন।বইটির মূল্য ধরা হয়েছে পাঁচশ টাকা।
২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগে খোন্দকার দেলোয়ারকে দলের মহাসচিব নিয়োগ করেন। সেইসঙ্গে দলের মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়াকে বহিষ্কার করেন বিএনপি চেয়ারপারসন।
২০১১ সালের ১৫ মার্চ খোন্দকার দেলোয়ার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
