কুষ্টিয়ায় র্যাব পরিচয়ে জাসদ নেতাকে অপহরণ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা জাসদের প্রচার সম্পাদক মুহাম্মদ আলী মহব্বতকে (৪০) র্যাব পরিচয়ে অপহরণ করেছে বলে স্বজনরা জানিয়েছে।
শনিবার বিকালে স্থানীয় একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করে মহব্বতের স্ত্রী ময়না খাতুন অভিযোগ করেন, খুলনায় এক আত্মীয়ের বাসা থেকে শুক্রবার রাতে তার স্বামীকে র্যাব পরিচয়ে তুলে নেয়া হয়।
পরে র্যাব অস্বীকার করলে শনিবার খুলনার খান জাহান আলী থানায় মহব্বতের ছোট ভগ্নিপতি হাবিবুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঝিনাইদহ থেকে বিএনপি নেতা রফিকুল ইসলামকে তুলে নিয়ে হত্যার একমাসেরও কম সময়ের মধ্যে একইভাবে মহব্বতকে নিয়ে গেল আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে। তবে মহব্বতের অবস্থা এখনো জানা যায়নি।
সংবাদ সম্মেলনে ময়না আরো বলেন, গত শুক্রবার তার স্বামী খুলনায় ছোট বোন লাইলী খাতুনের বাসায় যান। রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে তাকে র্যাব পরিচয়ের কয়েকজন লোক ধরে নিয়ে যায়।অপহরণকারীদের একজন নিজেকে র্যাবের ক্যাপ্টেন মেহেদী বলে পরিচয় দেন।
অপহরণকারীরা রূপালী রঙের একটি গাড়িতে (ঢাকা মেট্রো: খ-১১-৭৮০৯) করে তার স্বামীকে নিয়ে যায় বলেও জানান ময়না।
র্যাব-৬ খুলনা ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন ফারুক হোসেন বলেন, মহব্বতকে তুলে নেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।তবে র্যাব-৬ খুলনা ক্যাম্পের কোনো দল তাকে আটক বা গ্রেপ্তার করেনি।
খানজাহান আলী থানার ওসি শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি কুষ্টিয়ার মুহম্মাদ আলী মহব্বত নামের একজনকে অপহরণের অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্তে একজন এসআইকে দায়িত্ব দেয়া হয়েছে।
কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন বলেন, কুমারখালী উপজেলা জাসদের সহ-সম্পাদক মহব্বত কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে থাকতে পারেন।তিনি ওই নেতাকে উদ্ধারে আইন-শৃংখলা বাহিনীর সহায়তা কামনা করেন।
গত ৫ জানুয়ারি ঝিনাইদহের শৈলকুপা শ্বশুরবাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে নিয়ে হত্যা করা হয় ঢাকা সিটির ৫৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে। ওই রাতেই কুষ্টিয়ার কুমারখালীতে তার লাশ পাওয়া যায়। তার হাতে পুলিশ লেখা হাতকড়া পরা ছিল।
